নওগাঁর জেলার মান্দায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচনী প্রচারণার সময় সংঘর্ষে আহত মো, রানা হোসেন (৩৮) নামের এক যুবক মারা গেছেন। আজ ১৮ নভেম্বর,বৃহস্পতিবার ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মো,রানা হোসেন মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ছেলে। তিনি আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর সমর্থক ছিলেন বলে জানা গেছে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে গত শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সতিহাট বাজারে গণেশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হানিফ উদ্দিন মন্ডল ও আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দু’পক্ষের ১০ জন আহত হন। গুরুতর আহত রানাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সাতদিন চিকিৎসাধীন থাকার পর আজ ১৮ নভেম্বর,বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, নির্বাচনী সহিংসতার ঘটনায় নৌকা প্রতীকের প্রার্থী হানিফ উদ্দিন মন্ডল থানায় অভিযোগ করলেও আনারস প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম বাবুল চৌধুরী কোনো অভিযোগ করেননি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.