
মৌলভীবাজারের জুড়ী থানা থেকে ডিউটি শেষে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন শম্পা রানী দাস নামে এক নারী পুলিশ (কনস্টেবল) সদস্য। এ সময় ছিনতাইকারীরা তার মুখ চেপে ধরে তুলে নেওয়ারও চেষ্টা চালিয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে থানা ভবন থেকে আনুমানিক দেড়শ মিটার দূরে হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়সংলগ্ন রাস্তায়। এ ঘটনায় ভুক্তভোগী পুলিশ সদস্য থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
জানা গেছে, নারী পুলিশ সদস্য শম্পা রানী দাসের স্বামীও জুড়ী থানায় কর্মরত। এই পুলিশ দম্পতি থানা কমপ্লেক্সের সন্নিকটে পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে একটি বাসায় ভাড়া থাকেন। মঙ্গলবার রাতে থানায় ডিউটি শেষে হেঁটে বাসায় ফিরছিলেন পুলিশ সদস্য শম্পা রানী দাস। যাওয়ার পথে পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের পাশের রাস্তায় ফাঁকা স্থানে অজ্ঞাত দুই যুবক মুখ চেপে ধরে তাকে তুলে নেওয়ার ও সঙ্গে থাকা মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র ছিনতাইয়ের চেষ্টা চালায়। ওই নারী পুলিশ সদস্যের ধস্তাধস্তি ও চিৎকারে যুবকরা দ্রুত রেলস্টেশনের দিকে ছুটে যায়। তবে তারা কোনো কিছু ছিনিয়ে নিতে পারেনি।
জুড়ী থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, রাতে থানায় ডিউটি শেষে প্রায়ই তিনি হেঁটে একাই বাসায় ফেরেন। মঙ্গলবার রাতেও অফিসের কাজ শেষে বাসায় ফিরছিলেন। ঘটনাস্থলের আশপাশে বিভিন্ন সিসিটিভি ফুটেজে মোটরসাইকেলআরোহী দুই তরুণকে দেখা গেছে। নারী পুলিশ সদস্য হেঁটে যাওয়ার সময় ওই দুই তরুণের একজন পিছু নেয় এবং ছিনতাইয়ের চেষ্টা চালায়। এর কিছুক্ষণ পর আশপাশের লোকজনকে ঘটনাস্থলে দৌড়ে যেতে দেখা যায়। প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। ঘটনায় জড়িত দুই তরুণকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.