সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর নাজিম উদ্দিন (৪৫) নামে ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জাফলংয়ের ডাউকী নদীর কাটারি এলাকায় তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পারিবারিক সূত্র জানায়, গত শনিবার (১২ ফেব্রুয়ারি) ভোরে নাজিম উদ্দিন জাফলংয়ের উদ্দেশে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে এ বিষয়ে গোয়াইনঘাট থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর নদীতে থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারের চেষ্টা চালায়, তবে তাকে পাওয়া যায়নি।
নিহতের পরিবারের দাবি নাজিম উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করে তার লাশ নদীতে ফেলে দেয়া হতে পারে। নাজিম উদ্দিন পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.