বগুড়ায় তুহিন বাবু ওরফে কুইন (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১২ ফেব্রুয়ারি) রাতে শহরের নিশিন্দারা পূর্ব খাঁপাড়া এলাকায় পিকনিকের অনুষ্ঠান চলাকালে ১০/১২ জনের একদল দুর্বৃত্ত কুইনকে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় কুইনকে রক্ষা করতে যাওয়া আরো দুই যুবক গুরুতর আহত হয়।
নিহত কুইন নিশিন্দারা খাঁপাড়ার শহিদুল্লাহ ওরফে শহীদ ডাক্তারের ছেলে। তার নামে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, নিহত কুইন ও তার বন্ধুরা মিলে খাঁপাড়ার ইউক্যালিপ্টাস বাগানে পিকনিকের আয়োজন করে। রাতের বেলা খাওয়া দাওয়ার প্রস্তুতির সময় ১০-১২ জন যুবক ধারালো অস্ত্র নিয়ে সেখানে কুইনের উপর হামলা চালায়। এ সময় ঝন্টু ও রহিম নামে দুই যুবককে কুইনকে উদ্ধার করতে গেলে দুর্বৃত্তরা তাদেরও আঘাত করে।
এরপর তাদের চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক কুইনকে মৃত ঘোষণা করেন। আহত দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বগুড়া ছিলিমপুর (মেডিক্যাল) পুলিশ ফাঁড়ির এসআই শামীম হোসেন বলেন, নিহতের লাশ মেডিক্যালে আছে। আহত দু’জন আশঙ্কামুক্ত বলে জানতে পেরেছি।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.