কুমিল্লায় পেটের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৬ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১ মার্চ) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার ভাটারচর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে আবু তাহের রাশেদ (২৬) ও তার স্ত্রী নুরা বেগম (১৯)।
র্যাব ১১ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় মোটরসাইকেলের দুই আরোহীর কথাবার্তা সন্দেহজনক হলে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে এক্সরে করলে শরীরে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়।
তিনি বলেন, পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশেষ পদ্ধতিতে স্বামী-স্ত্রীর পেটের ভেতর থেকে ৬,১৬০ পিস ইয়াবা বের করা হয়। পরে মাদক মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.