
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বদী ইউনিয়নের জয়পাশা চরপাড়া গ্রামে পাওনা ৫৫ টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই গ্রুপের কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
সংঘর্ষ চলাকালিন সময় দুই পক্ষের ৭ থেকে ৮টি ঘরবাড়ি ভাংচুর করা হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আহতদের মধ্যে গিয়াস আলী (২৮), সৈয়দ শিপন আলী (২৭), আল আলমিন সিকদার (৩০), আতিয়ার শেখ (৩৫), লিপিকা বেগম (৪০), সৈয়দ শাহিদ আলী (২৭), সৈয়দ হাবিনুর (৩৩) কে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিরাজ সিকদার (৫০), মরিয়াম বেগম (৫০) কে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষে আহত আল আমিন সিকদার জানান, জয়পাশা গ্রামের সৈয়দ সিদ্দিকুর রহমানের পক্ষের মুনজিলা (১৯) শাহিদ মেম্বর (সাবেক) পক্ষের ওলি মোল্যার স্ত্রী পিয়ার বেগমকে (৪০) ৫৫ টাকা ধার দেয়।
গত বুধবার বিকেল ৫টার দিকে ওই ধারের ৫৫ টাকা মুনজিলার শাশুড়ি মরিয়াম বেগম পিয়ার বেগমের বাড়িতে চাইতে গেলে তাকে গালিগালাজ করে। এক পর্যায় বাড়িতে পুরুষরা আসলে রাত সাড়ে ৮টার দিকে মরিয়াম বেগমের বাড়িতে এসে হামলা চালিয়ে মারধর ও ভাংচুর করে। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সৈয়দ সিদ্দিকুর রহমান ও শাহিদ মেম্বর বলেন, কি নিয়ে সংঘর্ষ বেধেছে আমাদের জানা নেই। আমাদের লোকজন সংঘর্ষে জড়িয়ে আহত হয়েছে।
বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ দেয়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.