
নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় ময়নাবাড়ী মসজিদের ক্ষতিগ্রস্ত ওজুখানা সংস্কারের জন্য বরাদ্দ করা ১৪ হাজার ৫০০ টাকা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। গাছ বিক্রির অর্থ থেকে সংস্কারকাজের জন্য পাঠানো এই টাকা মসজিদ কমিটির হাতে পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মসজিদ কমিটি সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রাকৃতিক দুর্যোগে শ্যামকুড় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের একটি রেন্ট্রি গাছ উপড়ে পড়ে। এতে বিদ্যালয়সংলগ্ন শ্যামকুড় ময়নাবাড়ী মসজিদের ওজুখানা ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী সময়ে গাছটি সরকারি সম্পত্তি হওয়ায় দরপত্রের মাধ্যমে বিক্রি করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গাছ বিক্রির অর্থ থেকে ক্ষতিগ্রস্ত মসজিদের ওজুখানা সংস্কারের জন্য ঠিকাদার মো. কামরুল ইসলাম গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখে নগদ ১৪ হাজার ৫০০ টাকা শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুর রহমানের মাধ্যমে পাঠিয়ে দেন। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও ওই অর্থ মসজিদ কমিটির হাতে পৌঁছায়নি বলে দাবি করেছেন কমিটির নেতৃবৃন্দ।
মসজিদ কমিটির সভাপতি মো. আ. রশিদ ও সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান জানান, ওজুখানা সংস্কারের জন্য পাঠানো ১৪ হাজার ৫০০ টাকা তাঁরা এখনো বুঝে পাননি। তাঁদের প্রশ্ন, টাকা পাঠানো হয়ে থাকলে তা বর্তমানে কার কাছে রয়েছে এবং কেন মসজিদ কমিটির কাছে হস্তান্তর করা হয়নি?
এ বিষয়ে অভিযুক্ত হাবিবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার দিনই মসজিদ কমিটির সদস্য ইলিয়াস ও লিটনের কাছে ১৪ হাজার ৫০০ টাকা বুঝিয়ে দিয়েছেন। তাঁর দাবি, তিনি নির্ধারিত অর্থ তাঁদের হাতে হস্তান্তর করেছেন।
তবে অর্থ গ্রহণের বিষয়ে মসজিদ কমিটির পক্ষ থেকে অভিযোগ থাকায় বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রকৃতপক্ষে কার কাছে ওই অর্থ রয়েছে এবং অর্থ হস্তান্তরের দাবি কতটা সত্য, তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।
মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এ ঘটনার সুষ্ঠু তদন্ত, অর্থের যথাযথ হিসাব প্রকাশ এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে মসজিদের ওজুখানা সংস্কারের জন্য বরাদ্দ করা অর্থ দ্রুত মসজিদ কমিটির কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন মসজিদ কমিটির নেতৃবৃন্দ। তাঁদের দাবি, অভিযোগটি নিরপেক্ষভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর প্রত্যাশা, যথাযথ তদন্তের মাধ্যমে গাছ বিক্রির অর্থের প্রকৃত অবস্থান এবং হস্তান্তর-সংক্রান্ত বিষয়টি পরিষ্কার হবে। পাশাপাশি দ্রুত মসজিদের ক্ষতিগ্রস্ত ওজুখানা সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.