প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৬, ৪:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩১, ২০২২, ১:৫৬ পি.এম
নেশাগ্রস্থ বাবা, তিন মাসের মেয়েকে আছড়ে মারলেন

সিরাজগঞ্জের সলঙ্গায় নিজের তিন মাস বয়সী শিশুকন্যাকে আছাড় মেরে হত্যা করেছেন রঞ্জু মিয়া নামে এক নেশাগ্রস্ত ব্যক্তি।
বুধবার (৩০ মার্চ) সলঙ্গা থানাধীন চৌবিলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম রাইসা। পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চৌবিলা পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রঞ্জু মিয়ার (২৫) সঙ্গে প্রায় তিন বছর আগে পাশের ভয়নগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে জান্নাতি খাতুনের বিয়ে হয়। রঞ্জু মিয়া অতিরিক্ত মাদক সেবন ও বার বার যৌতুকের জন্য চাপ দেওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকত। একপর্যায়ে গর্ভবতী থাকা অবস্থায় জান্নাতি খাতুন বাবার বাড়ি চলে যান। সেখানেই একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। সম্প্রতি উভয় পরিবারের মধ্যে সমঝোতা হওয়ায় মঙ্গলবার (২৯ মার্চ) রাতে স্ত্রী ও শিশুকন্যাকে বাড়িতে নিয়ে আসেন রঞ্জু।
বুধবার বিকেলে শিশু সন্তানকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে জান্নাতি গোসল করতে যান। এ সুযোগে রঞ্জু তার মেয়েকে মাটিতে আছাড় দেন ও লাথি মারেন। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। ঘটনার পর থেকেই রাইসার বাবা রঞ্জু পলাতক।
এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে এলাকাবাসী রাইসার দাদা, দাদী ও ফুফুকে আটক করে সলঙ্গা থানা পুলিশকে খবর দেন।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.