ইউটিউবের ভিডিও দেখে আতশবাজি জাতীয় বিস্ফোরক বানাতে গিয়ে ছিন্নভিন্ন হয়ে গেছে কিশোরের হাতের কবজি।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য এলেও পরে পুলিশ ও সাংবাদিকদের ভয়ে আহত কিশোরকে নিয়ে অজ্ঞাত স্থানে চলে গেছে পরিবার। আহত কিশোর সাগর মিয়া (১৭) জামালপুরের সরিষাবাড়ীর পার্শ্ববর্তী উপজেলার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের চর সালাল গ্রামের আনছার আলীর ছেলে। গতকাল মঙ্গলবার (১৭ মে) বিকেলে ওই কিশোরের নিজবাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের বরাত দিয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সুমাইয়া মুনিয়া মঙ্গলবার রাতে জানান, সাগর মিয়া নতুন কিছু উদ্ভাবনের নেশায় আতশবাজির বারুদ খুলে একটি পাইপে ভরে হাতুড়ি দিয়ে আঘাত করে। মুহূর্তেই বিকট শব্দে পাইপ ফেটে বারুদ বিস্ফোরিত হয়ে তার বাম হাতের তালু ও কবজি থেকে মাংস ছিন্নভিন্ন হয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন মঙ্গলবার রাতে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এসময় তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।পরে পুলিশ ও সাংবাদিকের উপস্থিতির ভয়ে পরিবারের লোকজন আহত কিশোরকে নিয়ে দ্রুত হাসপাতাল ত্যাগ করেন।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ জানান, বিষয়টি কেউ অবগত করেনি। তবে খোঁজখবর নিচ্ছি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.