পাবনার সাঁথিয়ায় প্রতিবন্ধী (১১) এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার করমজা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনার তিন ঘণ্টার মধ্যেই ধর্ষক আনোয়ার মোল্লাকে (৪০) আটক করে পুলিশ। ধর্ষক আনোয়ার মোল্লা করমজা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পুন্ডুরিয়া গ্রামে ওই গ্রামের জলিল মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার আগে প্রতিবন্ধী শিশুকে পরিবারের লোকজন বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত হয়ে গেলে এলাকার মসজিদের মাইক দিয়ে প্রতিবন্ধী নিখোঁজের সন্ধান করা হয়। একপর্যায়ে ধর্ষক আনোয়ারের বাড়ির পেছন থেকে গুরুতর অসুস্থ অবস্থায় প্রতিবেশীরা ওই ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে।
পরে ওই শিশু তার বাবাকে ইশারায় পরনের কাপড় ও অন্য বিষয়ে জানালে তারা বুঝতে পারেন তাকে ধর্ষণ করা হয়েছে। ঘটনাটি গ্রামে জানাজানি হলে ধর্ষক গা ঢাকা দেয়। খবর পেয়ে ওই রাতেই ধর্ষক আনোয়ারকে আটক করে থানা পুলিশ।
শিশুটির স্বজনরা জানান, সন্ধ্যার দিকে ধর্ষক আনোয়ার বাড়ি ফেরার পথে শিশুটিকে ওড়না দিয়ে মুখ চেপে তার ঘরের পেছনে নিয়ে ধর্ষণ করে।
সাঁথিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রাতেই একটি অভিযোগ করেন। অভিযোগের পরই অভিযান চালিয়ে ধর্ষক আনোয়ারকে আটক করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। শুক্রবার আদালতের মাধ্যমে আসামিকে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.