ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর গোসলের গোপন ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। সোমবার (২৯ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজারের ইসলামী ব্যাংক শাখা সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে ভিডিও উদ্ধার ও সুষ্ঠু বিচার দাবি করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগী ওই ছাত্রী।
লিখিত অভিযোগ ও ভূক্তভোগী সূত্রে জানা গেছে, ওই ছাত্রী দীর্ঘদিন ধরেই ওই বাসায় অবস্থান করছেন। গতকাল রাত সাড়ে ৮ টার দিকে গোসল করার সময় স্থানীয় এক ছেলে তার আপত্তিকর ভিডিও ধারণ করে। ওই বাথরুম টিনশেডের হওয়ায় কোনো কিছুর মাধ্যমে উচু করে উপরের অংশ দিয়ে ভিডিও করা হয়েছে বলে জানা গেছে। এসময় ওই ছাত্রী টের পেয়ে চিল্লাচিল্লি করলে অভিযুক্ত পালিয়ে যায়।
ভূক্তভোগী ছাত্রী বলেন, আমি গোসল করার সময় একটা ছেলে বাইরে দিয়ে ভিডিও ধারণ করছিল। আমি টের পেয়ে গেলে সে পালিয়ে যায়। এ ঘটনায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। ভিডিওটি উদ্ধার করতে আমি যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
অভিযোগ রয়েছে, ওই ছাত্রী, তার সহপাঠী ও সিনিয়ররা রাতেই প্রক্টরকে জানালে প্রক্টরিয়াল বডির কেউ ঘটনাস্থলে উপস্থিত হয়নি। এছাড়া ইবি থানায় বিষয়টি জানালে ওই এলাকা তাদের এখতিয়ারের বাইরে বলে পুলিশ সহযোগিতা করতে রাজি হননি।
এ বিষয়ে বাড়িওয়ালা তহমিনা বলেন, গতকাল (সোমবার) রাতে এমন একটি ঘটনা ঘটেছে। একটা ছেলেকে সন্দেহ করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। আমি শৈলকূপা থানার ওসিকে বিষয়টি জানিয়েছি এবং নিরাপত্তা বাড়াতে ব্যবস্থা নিতে বলেছি। ভূক্তভোগী গোপনে একটা নাম দিয়েছে সেটাও ওসিকে জানিয়েছি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.