যশোর প্রতিনিধি: যশোরের সাবেক দৈনিক পূরবী পত্রিকার সম্পাদক মৃত মহিউদ্দিন আহমেদের ছেলে সৈয়দ মাহবুব জাহান আহমেদ সোহেলকে ছুরিকাঘাত করেছে দূবিত্তরা। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ,যশোর শহরের পুরাতন কসবা এলাকার সোহেলের নিজ বাড়িতে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
সোহেল জানান, এক কিশোরীর নেতৃত্বে ৩/৪ জন কিশোর তার বাড়িতে ঘরভাড়া নেয়ার কথা বলে তাকে ডাকা ডাকি করেন। তিনি দরজা খুলে বেরিয়ে আসার সাথে সাথেই তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে ছুরিকাঘাত করা হয়। পরে ঘর থেকে নগদ ৪০ হাজার টাকা ও সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও জানান, ওই নারীসহ সাথে থাকা যুবকেরা সবাই কিশোর গ্যাং চক্রের সদস্য বলে মনে হয়।
এ বিষয়ে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ,ডাক্তার বিচিত্র মল্লিক বলেন, সোহেলের দুই উরুতেই ছুরিকাঘাত করা হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তবে, তিনি বর্তমানে আশঙ্কা মুক্ত বলে জানান।
এদিকে, এ হামলার খবর শুনে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বলেন হাসপাতালে ভিকটিমের সাথে কথা বলে অপরাধীদের আটকে অভিযান ইতিমধ্যে শুরু করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.