মাগুরা প্রতিনিধিঃ আজ ৭ ডিসেম্বর'২০২১।বাংলাদেশের ইতিহাসে মাগুরা জেলা পাক-হানাদার মুক্ত হয়। আজকের এই দিনকে "মাগুরা মুক্ত দিবস" হিসেবে পালন করে মাগুরাবাসী। দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে মাগুরা জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান নানা কর্মসূচী গ্রহন করে থাকে।
ইতিহাস থেকে জানা যায়, দীর্ঘ নয় মাস ধরে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের এইদিন মাগুরা জেলা পাক-বাহিনীর হাত থেকে মুক্ত হয়। মাগুরার বীরমুক্তিযোদ্ধারা তৎকালীন মাগুরা ও ঝিনাইদহ মহকুমার বিভিন্ন এলাকা শত্রুমুক্ত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন । এই এলাকার মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথার ইতিহাস তৎকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল।
ডিসেম্বরে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাক হানাদার বাহিনী আর তাদের দোসরদেরকে কোণঠাসা করে ফেলে। বিজয়ের মাসের প্রথম সপ্তাহে যশোর থেকে পাকসেনাদের একটি অংশ তাড়া খেয়ে মাগুরায় পালিয়ে আসে। একপর্যায়ে মাগুরায়ও তারা তীব্র প্রতিরোধের মুখে পড়ে। মিত্রবাহিনীর সঙ্গে মাগুরার মুক্তিযোদ্ধারা শত্রুবাহিনীকে মাগুরা থেকে পালিয়ে যেতে বাধ্য করে। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর পাকবাহিনী ও তাদের দোসররা মাগুরা ত্যাগ করে ফরিদপুরের কামারখালী অভিমুখে চলে যেতে বাধ্য হয়।
ওইদিন সন্ধ্যায় আকবর বাহিনী এবং মোল্লা নবুয়ত আলীর বাহিনীর যৌথ নেতৃত্বে শ্রীপুর বাহিনী মাগুরায় প্রবেশ করে প্রশাসনিক দায়িত্বভার গ্রহণ করে। পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের মাগুরা ত্যাগের মাধ্যমে মাগুরার জনতার মাঝে এনে দেয় প্রত্যাশিত স্বাধীনতা। এ সময় মুক্তিপাগল জনতা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে রাস্তায় নেমে আসে। এভাবেই ৭ ডিসেম্বর ১৯৭১ মাগুরা হানাদারমুক্ত হয় বলে লোক মুখেও জানা যায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.