মোঃ মানিক হোসেন, রাজশাহী বিভাগীয় প্রতিনিধি : আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ, এ উপলক্ষে পেশাগত ক্ষেত্রে নারী কর্মীদের অধিকার ও নারীদের দক্ষ করে তুলতে মেসার্স আবুল হোসেন লিমিটেডের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে প্রশিক্ষণ কর্মসূচি। সেই সাথে স্থানীয় নারী ক্ষুদ্র উদ্যোক্তাদের কর্মচঞ্চল ও আগ্রহী করে তুলতে এবং অনুপ্রেরণা যোগাতে অগ্রণী পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) নারীদের অগ্রযাত্রায় ভূমিকা রাখার জন্য ৫ জনের হাতে অ্যাওয়ার্ড ও সনদ তুলে দেন " মেসার্স আবুল হোসেন লিমিটেড'র কর্ণধার তামিম হোসেন।
উক্ত পুরস্কার বিতরণীর সময় নারী উদ্যোক্তায় মোছা: তানিয়া আকতার, নারী শিক্ষায় ববি সাহা ও মো: বিশু এবং নারীর ক্ষমতায়নে রবি ঘোষ ও বিপুল কুমারকে বিশেষ অবদান রাখার জন্য পুরস্কার প্রদান করা হয়।
১৯৭৫ সালে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন শুরু করার পর থেকে ধীরে ধীরে বিশ্বের প্রায় সব দেশেই নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা শুরু হয়। এমব্রেসইক্যুইটি প্রতিপাদ্যে ৮ মার্চ বিশ্বজুড়ে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩। অন্যান্য বছরের ধারাবাহিকতায়, বাংলাদেশেও বিভিন্ন আয়োজন ও উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে এ দিবস উদযাপন করা হচ্ছে।
রাজশাহীর মেসার্স আবুল হোসেনের অফিসে অনুষ্ঠিত এ আয়োজন শুরু হয় একটি আলোচনা সভার মধ্য দিয়ে। পেশাগত ক্ষেত্রে 'জেন্ডার বৈষম্য নিরসন শীর্ষক এ আলোচনা সভায় বক্তব্য রাখেন আবুল হোসেন লিমিটেড' এর কর্ণধার তামিম হোসেন। আলোচনায় নারীর উপযুক্ত অধিকার, ব্যবসায় ক্ষেত্রে নারীর জন্যে কার্যকরী পরিবেশ নিশ্চিতকরণ, ও দেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়নে নারীর অগ্রগামী ভূমিকার প্রয়োজনীয়তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়।
মেসার্স আবুল হোসেন লিমিটেড'র কর্ণধার তামিম হোসেন জানান, এবারের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজশাহী শহরের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান "আবুল হোসেন লিমিটেড' মাঠপর্যায়ে কর্মরত নারী ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
নারীদের প্রতি শ্রদ্ধা ও কর্মক্ষেত্রে অনুপ্রেরণা ও স্পৃহা জাগাতে আলোচনা সভা, ব্যবসায় বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কর্মক্ষেত্রে বৈষম্য দূরীকরণের ওপর গুরুত্ব দিয়ে নারীদের পথচলাকে আরও সুগম করতেই এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.