
আর এম রিফাত,ইবি প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আনন্দ র্যালি, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা ও দোয়া মোনাজাত পালন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে প্রসাশন ভবনের সামনে থেকে আনন্দ র্যালি বের হয়। পরে র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এসে শেষ হয়।
র্যালি শেষে ম্যুরালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ ও শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরিন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিন, শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. মামুনুর রহমান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবর রহমান। এছাড়াও শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দীকি আরাফাত, সাধারণ সম্পাদক নাসীম আহমেদ জয় সহ বিভিন্ন অনুষদেন ডিন, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. শেখ আব্দুস সালাম বলেন, বঙ্গবন্ধু এমন এক অবিসংবাদিত নেতা ছিলেন যার ভাষণ শোনার পর সবার চিন্তা ধারা পরিবর্তন হয়েছিল। তাঁর অলিখিত ডাকে সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধুকে নিয়ে যত বই লিখিত হয়েছে পৃথিবীর অন্য কোনো নেতাকে নিয়ে এতো বই লিখিত হয়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.