ভোক্তা পর্যায়ে সঠিক পরিমাপে জ্বালানি তেল নিশ্চিত করতে এবং মজুদ পরিস্থিতি যাচাইয়ে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বিএসটিআই ও জেলা প্রশাসন।
মঙ্গলবার দিনব্যাপী পরিচালিত এই অভিযানে পাঁচটি বড় ফিলিং স্টেশনের জ্বালানি তেলের পরিমাপ ও মান যাচাই করা হয়।
অভিযান চলাকালে শহরের স্টেশন রোড এলাকার মেসার্স হক এন্ড কোং, ছিলিমপুর এলাকার মেসার্স এসবি সিএনজি রিফুয়েলিং স্টেশন ও মেসার্স বগুড়া ফিলিং স্টেশন, নওদাপাড়ার টিএমএসএস সিএনজি রিফুয়েলিং এন্ড গ্যাসোলিন স্টেশন এবং তিনমাথা মোড়ের মেসার্স নর্থ বেংগল এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনে তল্লাশি চালানো হয়।
আদালত সূত্র জানায়, প্রতিটি প্রতিষ্ঠানের স্টোরেজ ট্যাংকে জ্বালানি তেলের মজুদ পরীক্ষা করা হয়েছে। পরিদর্শন শেষে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে এবং মজুদ থাকা পর্যন্ত সঠিক মাপে তেল বিক্রির জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়।
এদিকে অভিযান চলাকালে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে এক আরোহীকে আটক করা হয়। পরে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ অনুযায়ী তাকে ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম। অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
বিএসটিআইয়ের পক্ষ থেকে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. শাহ আলম পলাশ খান, ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী প্রান্তজিত সরকার।
জনস্বার্থে বিএসটিআইয়ের এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে দপ্তরটি থেকে জানানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.