
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে বিয়ে করতে না পারায় ক্ষুব্ধ হয়ে বিয়ে ভাঙতে গিয়ে নিজের ফাঁদে আটকে গেল মেম্বার। রাজশাহী ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ মার্চ) মেম্বার প্রদীপ এক্কার (৪২) বিরুদ্ধে মামলা হয়েছে। সে পলাতক অবস্থায় আছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিয়ে ভাঙার জন্য ইউপি মেম্বারের মাদক একটা নাটক , আর সেই নাটকের ছকে নিজেই আটকে গেল।
স্থানীয়রা জানান, মেম্বারের খায়েশ হয়েছিল পাশ্ববর্তী গোগ্রাম ইউনিয়নের পূজাতলা গ্রামের একটা কমবয়সী মেয়েকে বিয়ে করার। কিন্তু মেয়ের বাবা পাত্রের বয়স চিন্তা করে বা অন্য যেকোন কারণে মেম্বরের সাথে মেয়ের বিয়ে দিতে রাজি হননি ।
মেয়ের বাবা চৌদুয়ার গ্রামের কমবয়সী আরেকটা ছেলের সাথে মেয়েটির বিয়ে ঠিক করেন। পাঁচদিন পরেই তাদের বিয়ে। অন্যদিকে,
এমন অবমাননা মেম্বরের সহ্য হয়নি। এরই মাঝে মেম্বার শুরু করে ছেলেটিকে ফাঁসিয়ে মেয়েটিকে বিয়ে করার পরিকল্পনা। এ ব্যাপারে তাকে সহযোগীতা করতে রাজি হয় তার গ্রামের ছেলে মিল্টন (২১)। দুজন মিলে ৯ বোতল ফেন্সিডিল এবং ১০০ গ্রাম হেরোইন সংগ্রহ করে। সেই সাথে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা(ডিবি)কে খবর দেয়।
খবর পেয়ে ডিবির ইন্সপেক্টর রুহুল আমিন চৌদুয়ার গ্রামে ছেলেটির বাড়িতে অভিযান করে ছেলেটিকে আটক করে। মিল্টনের দেখিয়ে দেয়া জায়গা থেকে ৯ বোতল ফেন্সিডিল এবং ১০০ গ্রাম হেরোইন জব্দ করে। এতক্ষন পর্যন্ত সব মেম্বরের পরিকল্পনা মতোই চলছিল। ডিবির ইন্সপেক্টর রুহুলের মনে সন্দেহ বাসা বাঁধে। ছেলেটাকে দেখে তার মাদক কারবারি মনে হচ্ছিল না। এসপির নির্দেশনায় মিল্টনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে সে মেম্বারের পরিকল্পনার কথা স্বীকার করে। মিল্টন স্বীকার করে যে, বিয়ে করতে ব্যর্থ হয়ে প্রদীপ মেম্বার এমন নাটক সাজিয়েছে।
ইন্সপেক্টর রুহুল তখনই মেম্বরকে ধরার অভিযান করেন কিন্তু পরিস্থিতি টের পেয়ে মেম্বার পালিয়ে যায়। মিল্টন এবং প্রদীপ মেম্বারকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানা গেছে।
ইন্সপেক্টর রুহুল জানান, মেম্বারকে ধরতে অভিযান চলছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।