রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১৮ মার্চ) ভোর ছয়টা থেকে শনিবার (১৯ মার্চ) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ হাজার ৮২৩ পিস ইয়াবা, ১৩১ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ১৫ কেজি ৭৩৬ গ্রাম গাঁজা, ৩৬০ বোতল ফেনসিডিল, ৯৫টি ইনজেকশন, ১৮ ক্যান বিয়ার ও ৫ গ্রাম আইস জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।