রাজশাহী ব‍্যুরো: নাটোরের বড়াইগ্রামে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার দায়ে অভিযুক্ত মাদ্রাসার অধ্যক্ষ হযরত আলীকে নাটোরের লালপুর থেকে গ্রেপ্তার করেছে সিপিসি-২,নাটোর ক্যাম্প, র‍্যাব-৫ এর একটি অপারেশন দল।

র‍্যাব-৫ এর প্রেস ব্রিফিং হতে জানা গেছে,সিপিসি-২,নাটোর ক্যাম্প,র‍্যাব-৫ রাজশাহীর একটি অপারেশন দল ১০ই মার্চ ২০২২ ইং তারিখ রাত সাড়ে বারোটার দিকে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার লালপুর থানা এলাকায় কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক, রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৭ম শ্রেণী পড়ুয়া মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার দায়ে অভিযুক্ত নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন দাসগ্রাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত আলী (৬০) কে গ্রেফতার করে।

উল্লেখ্য যে,গত ১৮ই ফেব্রুয়ারী ২০২২ ইং তারিখ সকাল ৯ টায় অভিযুক্ত বড়াইগ্রাম থানাধীন দাসগ্রাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত আলী (৬০) তারই মাদ্রাসার ৭ম শ্রেণীতে পড়ুয়া ২ জন ছাত্রীকে উপবৃত্তির কাগজপত্র ভুল হয়েছে মর্মে ঠিক করে দেওয়ার জন্য মাদ্রাসায় ডাকে।ছাত্রীদ্বয় মাদ্রাসায় গেলে তাদেরকে নিজ অফিস কক্ষে ডেকে একজন ছাত্রীকে ১০০ টাকা দিয়ে দোকানে পাঠায় এবং দরজা বন্ধ করে অপর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে ভিকটিম চিৎকার করলে স্থানীয় লোকজন দেখে ফেলায় তিনি ঐ ছাত্রীকে ছেড়ে দেন।

পরবর্তীতে ঐ ছাত্রীর মা বাদী হয়ে অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন(মামলা নং- ০৭, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং-০৩) এর ৯(৪)(খ), (ধর্ষণের চেষ্টা)।
থানায় মামলা রুজু হওয়ার পর থেকে অভিযুক্ত অধ্যক্ষ হযরত আলী(৬০)পলাতক ছিলেন।
আটকের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত হযরত আলী (৬০) ৭ম শ্রেণী পড়ুয়া ছাত্রীটিকে ধর্ষণ চেষ্টার বিষয়টি স্বীকার করেছে।
আটককৃত অভিযুক্তকে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান বলে জানিয়েছেন র‍্যাব।