মোঃ আরিফুল ইসলাম, হরিণাকুণ্ডু প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভা এলাকা থেকে পাঁচ(০৫)টি কাচের বোতলে তৈরী পেট্রোল বোমা ও টিনের কৌটায় তৈরী শক্তিশালী চার(০৪)টি ককটেল উদ্ধার করেছে হরিণাকুণ্ডু থানা পুলিশ।
রবিবার রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে খবর পেয়ে পৌরসভার বেল্টুর মোড় পার হয়ে বৈঠাপাড়া সড়কে ফয়জুল হোসেনের জমিতে পরিত্যক্ত অবস্থায় বাজারের ব্যাগে রাখা বোমা গুলো উদ্ধার করে হরিণাকুন্ডু থানা পুলিশ। পুলিশ সুত্র জানায়, এ ঘটনার বিষ্ফোরক মামলার বাদী পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর বাবুল আক্তার হরিণাকুণ্ডু বাজার থেকে বাড়ী ফেরার পথে রাস্তার পাশের জমিতে বোমা বোঝাই বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে, থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এর নেতৃত্বে এস আই মহাসিন সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের তৈরী বাজারের ব্যাগে রাখা বোমাগুলো উদ্ধার করে এবং জব্দ করেন।
এ ঘটনায় থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান এক বা একাধিক ব্যক্তি,জান,মাল ও সম্পদের ক্ষতিসাধনের উদ্দেশ্যে দেশী তৈরী বোমাগুলো রেখেছিলো, সন্ত্রাসী ঘটনা ঘটানোর পূর্বেই পুলিশ বোমাগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছে। এর সাথে জড়িতদের আইনের আওতায় আনতে মাঠ পর্যায়ে তদন্ত শুরু করা হয়েছে। উদ্ধারকৃত বোমাগুলো থানায় নিরাপদে রাখা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.