বিপুল কুমার দাস রাজৈর প্রতিনিধি:মাদারীপুরের রাজৈরে রাধা রানী বৈদ্য নামে এক নারীকে অপহরণের পর হত্যার ঘটনায় ৫ জনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মাদারীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লাইলাতুল ফেরদাউস সোমবার (২৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে এই আদেশ প্রদান করেন। এসময় সাজাপ্রাপ্ত ৪ আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত এক আসামি মামলার পরপরই দেশত্যাগ করেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালের ১৪ অক্টোবর মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম এলাকার গুরুপদ বৈদ্যর স্ত্রী রাধা রানী বৈদ্যকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে অপহরণ করে। এরপরের দিন রাধা রানীর ছেলে বিষ্ণপদ বৈদ্য ৬ জনকে আসামি করে রাজৈর থানায় একটি অপহরণ মামলা করে। মামলার ১১ দিন পরে পাখুল্লা বিল থেকে রাধা রানী বৈদ্যর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ২০০৩ সালের ৩০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা মোখলেসুর রহমান হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে ৬ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করে।
মামলার আসামি হলেন অশোক বৈদ্য, নরেন বৈরাগী, কালু বিশ্বাস, তরুনী বেদ্য, বিজয় বেপারী, গৌরাঙ্গ বৈদ্য। এদের মধ্যে গৌরাঙ্গ বৈদ্য মামলা চলাকালে মৃত্যুবরণ করেন এবং আসামি বিজয় বেপারী পলাতক রয়েছে।
দীর্ঘ ২০ বছর পরে মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত ৫ জনের মৃত্যুদন্ডের আদেশ প্রদান করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, মামলায় ৫ জনের মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। এছাড়াও মামলার দন্ডপ্রাপ্ত ৫ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
নিহতের ছেলে গৌরাঙ্গ বৈদ্য রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.