এনামুল হাসান,নিজস্ব প্রতিনিধি: ইতিহাস ও ঐতিহ্যের ধারক হিসেবে পরিচিত যশোরের মণিরামপুর উপজেলার "খেদাপাড়া ঢিবি"-তে ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রত্নতাত্ত্বিক খনন কাজের শুভ সূচনা হলো। এর মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো এবং প্রাচীন এই প্রত্নস্থলটি নতুন রূপে আত্মপ্রকাশ করল।
এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে খনন কাজ শুরু হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মিজ নিশাত তামান্না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর, খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন।
শুভ সূচনার এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন:
মো: মহিদুল ইসলাম, সহকারী পরিচালক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, খুলনা ও বরিশাল বিভাগ, খুলনা (খনন টিমের ভারপ্রাপ্ত কর্মকর্তা)। মো: যায়েদ, কাস্টোডিয়ান,মো: হাসানুজ্জামান, সহকারী কাস্টোডিয়ান, আরিফুর রহমান, সহকারী কাস্টোডিয়ান।এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট শিক্ষাবিদ, সাংস্কৃতিক কর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা খেদাপাড়া ঢিবির গুরুত্ব তুলে ধরে বলেন, এই ঢিবি কেবল একটি প্রত্নস্থল নয়, এটি আমাদের ঐতিহ্য ও অতীতের এক জীবন্ত দলিল। প্রধান অতিথি মিজ নিশাত তামান্না বলেন, "এর সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে তরুণ প্রজন্ম আমাদের সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে জানার এক বিশাল সুযোগ পাবে।"
সভাপতির বক্তব্যে মিজ লাভলী ইয়াসমিন এই খনন কাজের সাফল্য কামনা করেন এবং ইতিহাস অনুসন্ধানে এর তাৎপর্যের কথা উল্লেখ করেন।
উপস্থিত সকলেই আশা প্রকাশ করেন যে, খেদাপাড়া ঢিবির উন্নয়ন ও সংরক্ষণের এই পদক্ষেপ মণিরামপুর তথা যশোর জেলার ঐতিহ্যচর্চায় এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এই খননের মধ্য দিয়ে এই অঞ্চলের প্রাচীন ইতিহাস ও সভ্যতার আরও নতুন তথ্য উন্মোচিত হবে বলে প্রত্নতত্ত্ববিদরা আশাবাদী।
স্থানীয়ভাবে "ধনপোতা ঢিবি", "বিরাট রাজার ঢিবি" বা "ধনপতি সওদাগরের বাড়ি" নামে পরিচিত এই প্রত্নস্থলটি যশোর জেলার মণিরামপুর উপজেলার খেদাপাড়া গ্রামে অবস্থিত। প্রত্নতত্ত্ব অধিদপ্তর ২০০৭ সালে এটি চিহ্নিত করে এবং বিগত অর্থ বছরগুলোতে (যেমন ২০২৩-২০২৪) সীমিত পরিসরে খনন চালিয়ে প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ ও প্রত্নবস্তু খুঁজে পেয়েছে, যা আদি মধ্যযুগের নিদর্শনের ইঙ্গিত দেয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.