বরিশাল প্রেস ক্লাবের দফতর সম্পাদক ও স্থানীয় দৈনিক সময়ের বার্তার প্রকাশক এম লোকমান হোসাঈনের মুক্তির দাবি জানিয়েছেন সাংবাদিকরা। শনিবার সকালে নগরীর আশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
এয়ারপোর্ট থানা প্রেস ক্লাবের সভাপতি মো. নূরুজ্জামানের মানববন্ধনে বক্তারা বলেন, সমাজের দুর্নীতি উন্মোচন করতে গিয়ে লোকমান হোসাঈন আজ কারাগারে। সত্যের পক্ষে এভাবে লিখতে গিযে আজ তিনি হয়রানির শিকার হচ্ছেন। একজন সাহসী কলমযোদ্ধাকে গ্রেফতারের বিষয়টি হতাশাজনক। তাই অবিলম্বে তার মুক্তি দিতে হবে। অন্যথায় বরিশালের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যাবে।
এ সময় বক্তব্য দেন, বরিশাল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম জহির, এয়ারপোর্ট থানা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য মনিরুজ্জামন মনির, প্রচার সম্পাদক পারভেজ সরদার, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বরিশাল শাখার সাধারণ সম্পাদক রাতুল আহম্মেদ, সহ-সভাপতি জুয়েল রানা, আল-আমিন গাজী, বরিশাল সদর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আহাম্মেদ রিপন প্রমুখ।
উল্লেখ্য, অনলাইন নিউজপোর্টালে সংবাদ প্রকাশের জেরে দায়ের হওয়া মামলায় এম লোকমান হোসাঈনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। গত ১ ফেব্রুয়ারি তিনি আদালতে হাজির হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.