বসন্তের প্রথম দিন থেকেই শীত বিদায় নিতে শুরু করেছে। ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। বিরাজমান শৈত্যপ্রবাহের বিস্তারও কমে আসছে। এখন থেকে প্রায় প্রতিদিনই দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। তবে আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) আবহাওয়াবিদ এ কে নাজমুল হক বলেন, ‘শীত বিদায় নিতে শুরু করেছে। এখন তাপমাত্রা বাড়বে। আগামী রবিবার থেকে বৃষ্টিপাতের ক্ষীণ সম্ভাবনা রয়েছে। তবে এই পাঁচ দিন শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।’ সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুই দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.