দেশজুড়ে দাবদাহ আরো বাড়তে পারে। আগামী দুই দিন সার্বিক তাপমাত্রা দিনে সর্বোচ্চ ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৯ মে) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী দুই দিন পরে আবার হালকা থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, রাজশাহী, খুলনা, সাতক্ষীরা, যশোর ও বাগেরহাট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
আবহাওয়াবিদ মো শাহীনুল ইসলাম জানান, বৃহস্পতিবার এবং শুক্রবার (২০ মে) আবহাওয়া অপরিবর্তিত থাকবে। আর্দ্রতা বেশি হওয়ায় গরম ভাবটা বেশি থাকবে। রাতের দিকে ভ্যাপসা গরম আরো বাড়তে পারে।
আবহাওয়া অধিদফতরের মতে, মে মাসের মাঝামাঝি থেকে ভারি বৃষ্টিপাত শুরু হতে পারে। তবে এই সময় পর্যন্ত তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
এদিকে প্রচণ্ড দাবদাহ চলছে দেশের রাজশাহী বিভাগে। এই বিভাগে গত এক সপ্তাহে তাপামাত্রা ৩৯ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করছে। আগামী এক সপ্তাহে এই বিভাগে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছে না আবহাওয়া অধিদফতর।দেশের বিভিন্ন স্থানে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সঙ্গে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে আরও বেশি।
মানুষ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হচ্ছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.