
গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের রাজনৈতিক উদ্দেশ্য এবং সততা নিয়ে প্রশ্ন তুলেছেন সংগঠনটির আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। তার মতে নুরের মতো মানুষের হাতে সংগঠন নিরাপদ নয়।
মঙ্গলবার (২৭ জুন) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে রেজা কিবরিয়া এসব কথা বলেন। সম্প্রতি রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের মধ্যে দ্বন্দ্ব শুরু হলে সংগঠনটিতে অস্থিরতা দেখা দেয়। এরই মধ্যে সংগঠনটির এক নম্বর যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়। পরে রেজা কিবরিয়া নুরুল হক নুর ও ভারপ্রাপ্ত আহ্ববায়ক রাশেদ খানকে সাময়িক বহিষ্কার করেন।
এসব বিষয় নিয়ে মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে কথা বলেন রেজা কিবরিয়া। তিনি বলেন, গণঅধিকার পরিষদ যুব সমাজের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ উদ্যোগকে বাঁচাতে নুরুল হক নুরের হাতে এ দলটাকে ছেড়ে দেয়া যাবে না।
কারণ সে এ চেতনাকে বিক্রি করেছে, ব্যবসা করেছে আর নিজে ধনী হয়েছে। নুরের লেনদেনে অস্বচ্ছতা বিষয়ে রেজা কিবরিয়া বলেন, ‘টাকা-পয়সার প্রতি লোভটা বারবার সে প্রমাণ করেছে। আমরা মনে করি, ভবিষ্যতে এ দলটাকে যদি কোথাও পৌঁছাতে হয়, নুরুল হক নুর সঙ্গে থাকলে হবে না। নুর আমার ওপর রেগে গেছে দুই কারণে।
একটা হলো টাকা-পয়সা লেনদেনের স্বচ্ছতায় ওর কিছু সমস্যা আছে। এটা অনেক আগে থেকেই। ২০১৮ সালের আন্দোলনে ওর সঙ্গে যারা ছিল তারা জানে টাকা-পয়সার বিষয়ে ওর স্বচ্ছতার অভাব আছে।’
এছাড়া বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করা কারো সঙ্গে রাজনীতি করতে চান না বলেও লাইভে জানান রেজা কিবরিয়া।
তিনি বলেন, ‘আমি ইসরাইলি গোয়েন্দা সংস্থার লোকদের সঙ্গে কাজ করতে চাই না। আমি বিদেশি দালালদের সঙ্গে কম্প্রোমাইজ করতে আসিনি। গণঅধিকার পরিষদকে সব ধরনের বিদেশি গোয়েন্দা সংস্থার প্রভাব থেকে রক্ষা করে দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত রাখতে আমি বদ্ধপরিকর। দলের অর্থনৈতিক লেনদেনকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনা হবে।’ ইসরায়েলি গোয়েন্দা সংস্থার প্রতিনিধির সঙ্গে নুরের বৈঠক ও সরকারের কোনো ব্যবস্থাগ্রহণ না করার বিষয়ে তিনি আরও বলেন, ‘মোসাদের সঙ্গে তোমার সম্পর্ক কী এ প্রশ্ন করা হলে নুর তার পরিষ্কার উত্তর দেননি। একটা মিটিং সম্পর্কে আমরা জেনেছি। সেখানে টাকার লেনদেন হয়েছে কিনা হানতে চাইলে নুর বলেছে এটা তার ব্যক্তিগত বিষয়।’
রেজা কিবরিয়া আরও বলেন, ‘দেশে যখন সে ফেরত আসলো তাকে কিছু করা হলো না। এটাতে আমাদের সন্দেহ জাগলো। যেখানে বিএনপি নেতা আসলাম চৌধুরী মেন্দি সাফাদির সঙ্গে একটা কনফারেন্সে দেখা করে শুধু ছবি তুলেছিলেন। সেই অপরাধে এখনও তিনি জেলে আছেন। সেখানে নুরকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয় না। সে কার জন্য কাজ করছে, যে এ ধরনের প্রটেকশন তার আছে। এ রকম প্রকাশিত অপরাধে তাকে জিজ্ঞাসাবাদও করা হয়নি।’ তিনি আরও বলেন, ‘টাঙ্গাইলে আক্রমণের সময় নুর পুলিশি হেফাজতে, পুলিশের গাড়ির মধ্যে বসে ছিল। পুলিশ তার অনেক যত্ন নিয়েছে - এটা খুব ইন্টারেস্টিং। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা খতিয়ে দেখা দরকার। সরকার, পুলিশ ও ডিজেএফআই-এর সঙ্গে নুরের কী সম্পর্ক - এটা নিয়ে অনেক সন্দেহ মানুষের মধ্যে আছে।’
রেজা কিবরিয়া নিজের অবস্থান বিষয়ে বলেন, ‘দেশের জন্য আমার বাবা প্রাণ দিয়েছেন। এটা অনেকেই জানেন। আমি নিজে বড় চাকরি ছেড়ে চলে এসেছি মানুষের জন্য কাজ করার জন্য। আমার বেতনের পরিমাণ নির্বাচন কমিশনের স্টেটমেন্টে পাবেন। নুর অভিযোগ করেছেন, আমি ৩ লাখ টাকা বেতনে ইনসাফ কায়েম কমিটির হয়ে কাজ করেছি। এটা হাস্যকর। আমি রোজগার করেছি ৩৯ বছর।
নুরুল হক নুর কতদিন করেছে, হালালভাবে এ হিসাবটা তার দেয়া দরকার।’ বিএনপি ভাঙার কোনো উদ্দেশ্য নেই জানিয়ে তিনি আরও বলেন, ‘বিএনপিকে আমি ভাঙতে চাই - এটা নুর বলে বেড়াচ্ছে। বিএনপি ভাঙা নিয়ে আমি কাজ করি না। আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি বিএনপির মিটিংয়ে যাই, সেখানে সরকারবিরোধী বক্তব্য রাখি এবং ইসলামী আন্দোলনের মিটিংয়েও সরকারবিরোধী বক্তব্য দিয়েছি।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.