মামুনুর রশীদ মামুন, কুড়িগ্রাম প্রতিনিধি: আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়নপুর ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন নারায়নপুর ইউনিয়ন বিএনপির দীর্ঘদিনের সভাপতি ও সদ্য আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ পাওয়া মোঃ জহুরুল হক। এ নিয়ে জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে মনোনয়ন পরিবর্তনের অনুরোধ জানিয়ে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নারায়নপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি লিখিত আবেদন মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর প্রেরণ করা হয়েছে। নারায়নপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান আক্ষেপ করে বলেন, জহুরুল হক ২০০৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।
পরবর্তীতে তিনি জাতীয় পার্টিতে যোগদান করেন এবং নারায়নপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়কের দায়িত্বও পালন করেন। সদ্য তিনি আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ লাভ করেন। আওয়ামী লীগের ইউনিয়ন কিংবা ওয়ার্ড কমিটির কোথায় তার নাম নাই। তিনি নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দিলে কন্ঠ ভোটে (হাত তুলে দেখানো) মাত্র ০৭ ভোট পান।
ছাত্রলীগ ও যুবলীগ করা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ বেলাল হোসেন পান ৩৫ ভোট। তারপরও ৩৫ ভোট পাওয়া বেলালকে টপকিয়ে ০৭ ভোট পাওয়া নব্য ও বিতর্কিত দলবাজ জহুরুল হক কিভাবে মনোনয়ন পেলেন তা আমার বোধগম্য হচ্ছে না। তিনি জহুরুল ইসলামের মনোনয়ন বাতিল করে ত্যাগী নেতা বেলাল হোসেনকে নৌকার মনোনয়ন দেয়ার জোড় দাবী জানান।
তৃনমুলের সমর্থনে বিজয়ী ও জনপ্রিয় প্রার্থী মোঃ বেলাল হোসেন জানান, আমাকে নৌকার মনোনয়ন থেকে বঞ্চিত করে সদ্য যোগদান করা বিএনপি নেতাকে মনোনয়ন দেয়া হয়েছে। তাই আমি সিনিয়র নেতৃবৃন্দের স্বাক্ষরিত অভিযোগ নেত্রী বরাবর পাঠিয়েছি। নেত্রী নিশ্চয় মনোনয়ন বদল করে আমাকে মনোনয়ন দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ বিষয়ে জহুরুল ইসলাম বলেন, আমি বিএনপি করেছি তাতে কি হয়েছে? আমি বঙ্গবন্ধুর সৈনিক। আমাকে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে। আমি নির্বাচন করবো। লিখিত অভিযোগ থেকে জানা যায়, তৃণমুলের ভোটে নির্বাচিত বিজয়ী প্রার্থী মোঃ বেলাল হোসেন ২০০৫ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়নপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি এবং ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত নারায়নপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। দলকে সুশৃংখল, সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য নারায়নপুর ইউনিয়নের নৌকার মনোনয়ন পরিবর্তন করে আওয়ামী লীগের ত্যাগী নেতাকে মনোনয়ন দেয়ার জন্য তারা প্রধানমন্ত্রীর নিকট জোড় দাবী জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.