
নড়াইলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে করা আরেকটি মামলা খারিজ করে দিয়েছেন আদালত। গত মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান এ আদেশ দেন। মানহানির অভিযোগে ২০১৫ সালে মামলাটি করেছিলেন নড়াইলের কালিয়া উপজেলার চাপাইল গ্রামের ইউসুফ ফারুকীর ছেলে রায়হান ফারুকী।
জেলা বিএনপির সাবেক সভাপতি ও খালেদা জিয়ার আইনজীবী ইকবাল হোসেন সিকদার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাদী আদালতে সাক্ষ৵ দিতে আসেন না। আট বছর পর আজ মামলার নির্ধারিত দিনে বিচারক মামলাটি খারিজ করে দিয়েছেন।
মামলার বাদী অভিযোগ করেছিলেন, ২০১৫ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশ হয়। সেখানে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ও শেখ মুজিবুর রহমান সম্পর্কে খালেদা জিয়া একটি মানহানিকর বক্তব্য দেন। পরে সে বছরের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইল সদর আমলি আদালতে মানহানির মামলা করেন রায়হান ফারুকী।
গত ২৯ আগস্ট নড়াইলে খালেদা জিয়ার নামে করা আরেকটি মানহানির মামলা খারিজ হয়। ওই মামলাও নড়াইল সদর আমলি আদালতে ছিল এবং বাদী দীর্ঘদিন হাজির না হওয়ায় খারিজ করে দেওয়া হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.