
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোর প্রস্তুতি শুরু করেছে দেশের রাজনৈতিক দলগুলো। আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় এরই মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু হয়েছে প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের সমমনা দলগুলোর মধ্যে।
সূত্র জানায়, বিএনপির সঙ্গে চলমান আলোচনায় সমমনা দলগুলো মিলিয়ে ১০০টিরও বেশি আসন দাবি করেছে। আসন বণ্টন নিয়ে চলছে দফায় দফায় বৈঠক ও দর-কষাকষি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এমন আসনেই শরিকদের প্রার্থী দেওয়া হবে, যেখানে জয়ের বাস্তব সম্ভাবনা রয়েছে।
বিভিন্ন জোট ও দলের দাবি:
গণতন্ত্র মঞ্চ: একাই দাবি করেছে ৫০টি আসন।
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি): অন্তত ১৫টি আসন চায় দলটি। এর অংশ হিসেবে দলটির মহাসচিব রেদোয়ান আহমেদ বর্তমানে লন্ডনে অবস্থান করছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে।
১২ দলীয় জোট: দাবি করেছে ২০টি আসন।
জাতীয়তাবাদী সমমনা জোট: দাবি করেছে ৯টি আসন।
এছাড়াও আরও কয়েকটি ছোট রাজনৈতিক দল বিএনপির কাছে আসন তালিকা জমা দিয়েছে। কেউ কেউ আবার মাঠে নেমে আগাম প্রচারণাও শুরু করে দিয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, "আমরা এমন আসনেই শরিকদের প্রার্থী দেব, যেসব আসনে জয়লাভের বাস্তব সম্ভাবনা রয়েছে। আলোচনায় সেই দিকটিই আমরা গুরুত্ব দিচ্ছি।"
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, নভেম্বরের মাঝামাঝিতে তফসিল ঘোষণা হতে পারে। সেই লক্ষ্যে অক্টোবর মাসের মধ্যেই আসনভিত্তিক প্রার্থী তালিকা প্রকাশের পরিকল্পনা করেছে বিএনপি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন ভাগাভাগির প্রশ্নে যদি সমমনা দলগুলোর মধ্যে সমঝোতা না হয়, তাহলে জোটের ঐক্য টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। এ কারণে বিএনপি চাইছে, আন্দোলনের শরিকদের সন্তুষ্ট করে একটি শক্তিশালী নির্বাচনী জোট গঠন করতে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.