
নিজস্ব প্রতিবেদক | কলম কথা
নিরপেক্ষ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে জাতিসংঘের সহায়তা প্রত্যাশা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন, পাহাড়ি সংকট ও আঞ্চলিক স্থিতিশীলতায় জাতিসংঘের আরও সক্রিয় ভূমিকা কামনা করেছে দলটি।
মঙ্গলবার সকালে রাজধানীর বসুন্ধরায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে সৌজন্য বৈঠক করেন জামায়াতের আমির। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, “জাতিসংঘ প্রতিনিধি জাতীয় নির্বাচনে জামায়াতের অবস্থান ও ভূমিকা সম্পর্কে জানতে চান। আমরা বলেছি, একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জাতিসংঘের সহায়তা আমরা প্রত্যাশা করি। রোহিঙ্গা সংকট সমাধানে রাজনৈতিক দল হিসেবে আমাদের ভূমিকা সীমিত হলেও আমরা ইতিবাচক ভূমিকা রাখতে আগ্রহী।”
এদিকে যুক্তরাষ্ট্র সফর শেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, “যারা সংস্কারের পথে বাধা দিচ্ছে, নির্বাচন বানচাল হলে তার দায় তাদেরই নিতে হবে।”
তাহের আরও বলেন, “যুক্তরাষ্ট্র সফরে প্রমাণিত হয়েছে, রাষ্ট্রের প্রয়োজনে বাংলাদেশ ঐক্যবদ্ধ। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। নাগরিকত্ব সনদ না থাকলেও বৈধ কাগজপত্রের মাধ্যমে প্রবাসীরা যেন ভোট দিতে পারেন, সে সুযোগ দিতে হবে।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.