
দেশে আধিপত্য বিস্তারের জন্য তিনটি পরাশক্তি সক্রিয়ভাবে চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, “ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বললেই জীবন দিতে হতো। আবরার ফাহাদের জীবন নেওয়ার মাধ্যমে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, যেন কেউ তাদের বিরুদ্ধে কথা না বলে।”
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন,
“দেশের বিরুদ্ধে এখন তিনটি পরাশক্তি আগ্রাসন চালানোর চেষ্টা করছে। এর মধ্যে দুটি আঞ্চলিক শক্তি এবং একটি বিশ্ব মোড়ল।”
তিনি আরও বলেন,
“শেখ হাসিনার মতো লেজুড়বৃত্তি নেতার কারণে পরাশক্তিগুলো দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পেরেছে।”
বিএনপির এই নেতা বলেন, দেশের রাজনীতিতে পরিবর্তন আনতে হলে সততা, মেধা ও আদর্শিক নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
তিনি তরুণদের উদ্দেশে আহ্বান জানান— দেশের ভবিষ্যৎ নেতৃত্বে অংশ নিতে হলে সাহস, নীতি ও দেশপ্রেম নিয়ে এগিয়ে আসতে হবে।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে নির্যাতন করে হত্যা করে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী।
পরদিন (৭ অক্টোবর) ভোরে বুয়েট মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের পর দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.