
আমদানিকৃত ও স্থানীয়ভাবে উৎপাদিত সব অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে বিজয় অ্যান্ড্রয়েড প্যাকেজ কিট (এপিকে) ব্যবহার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বাংলাদেশ মোবাইলফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতিসহ সংশ্লিষ্টদের গত শুক্রবার এ নির্দেশ দেওয়া হয়েছে।
বিজয় কি-বোর্ডের প্যাকেজ কিট (এপিকে) ছাড়া কোনো স্মার্টফোন বাজারজাত করার ছাড়পত্র দেবে না টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসির স্পেকট্রাম বিভাগের উপ-পরিচালক কাজী মো. আহসানুল হাবীব মিথুনের সই করা নির্দেশনায় এ কথা জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী সকল স্মার্ট মোবাইল ফোনে বিজয় কি-বোর্ড ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে।
এতে বলা হয়, বাজারজাতের আগে আমদানি করা ও স্থানীয়ভাবে উৎপাদিত সব স্মার্ট হ্যান্ডসেটে বিটিআরসির সরবরাহ করা বিজয় অ্যান্ড্রয়েড এপিকে ফাইল ইনস্টল করে তা কমিশনে প্রদর্শন করতে হবে। অন্যথায় কোনো স্মার্টফোন বাজারজাতকরণের অনাপত্তি দেওয়া হবে না।
পত্র জারির তারিখ থেকে বর্ণিত নির্দেশনাটি কার্যকর করা হবে। চিঠিতে আরও বলা হয়, বিজয় অ্যান্ড্রয়েড এপিকে ফাইল স্পেকট্রাম বিভাগ থেকে বিনামূল্যে সরবরাহ করা হবে। এ চিঠি জারি করার ৩ কার্যদিবসের মধ্যে কমিশনের স্পেকট্রাম বিভাগ থেকে এপিকে ফাইলটি সরবরাহ করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.