
সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় বইছে চ্যাটজিপিটি নামক আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) নিয়ে। চ্যাটজিপিটি নামক এই চ্যাটবট দিয়ে মুহূর্তে বের করে ফেলা যায় কোনো ঘটনার ব্যাখ্যা।
এর সাহায্যে অনেক কাজই মানুষ এখন সহজে করিয়ে নিতে পারছেন। সম্প্রতি এই চ্যাটবট নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় থাকা মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।
তিনি বলেছেন, বিশ্বকে বদলে দেবে চ্যাটজিপিটি। জার্মান সংবাদমাধ্যম হ্যান্ডেলসব্লাটকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। খবর রয়টার্সের। কনটেন্ট রাইটিং এবং প্রোগ্রামিং থেকে শুরু করে প্রোডাক্ট ডিজাইন, ডেটা এ্যানালাইসিসসহ প্রায় প্রতিটি ডিজিটাল ক্ষেত্রেই প্রভাব ফেলেছে চ্যাটজিপিটি।
এই চ্যাটবট যেকোনো বিষয়ে লিখতে, উত্তর দিতে, কথোপকথন চালাতে, জটিল বিষয়ে পরিষ্কার ধারণা দিতে, সাবলীল অনুবাদ করতে পারে। যেকোনো ভুল ধরিয়ে দিতে পারে এটি।
এর সম্পর্কে বিল গেটস আরও বলেন, আগের কৃত্রিম বুদ্ধিমত্তাগুলো সব বিষয়ে লিখতে ও পড়তে পারতো। কিন্তু বিষয়বস্তু বুঝতো না। কিন্তু চ্যাটজিপিটির মতো নতুন প্রোগ্রামগুলো চালানো বা চিঠি লিখতে সাহায্য করবে। এতে অনেক অফিসের কাজ আরও সুনিপুণ হবে। শ্রম ও সময় বাঁচবে। তবে আশঙ্কা করা হচ্ছে, এর মাধ্যমে মানুষের চাকরীর বাজার সঙ্কুচিত হয়ে যাবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.