ভারতে মুসলিম নারীদের ‘নিলামে তোলা’ ওপেন সোর্স অ্যাপ ‘বুল্লি বাই’। যা মুছে দিয়েছে ওয়েব হোস্টিং প্ল্যাটফর্ম গিটহাব। ওই ঘটনায় মামলা হয়েছে দুটি অঙ্গরাজ্যে, আসামি করা হয়েছে অ্যাপটির ডেভেলপার এবং টুইটারে অ্যাপটির কনটেন্ট ও ছবি শেয়ারকারীদের। একশ’র বেশি ভারতীয় মুসলিম নারীর ছবি পোস্ট আকারে ছিল ওই অ্যাপে।
ছবির পাশে উল্লেখ ছিল “বিক্রয়” করা হবে তাদের। বিবিসি জানিয়েছে, ভারতে মুসলিম নারীদের অনলাইনে ‘নিলামে তোলার’ দ্বিতীয় চেষ্টা ছিল এটি। বিক্রির তালিকায় ছিলেন মুসলিম নারী সংবাদকর্মী, অধিকারকর্মী এবং অ্যাওয়্যার্ড জয়ী বলিউডি অভিনেত্রীর মতো অনেকেই।
জুলাই মাসে “সুল্লি ডিলস” নামের আরেকটি ভারতীয় অ্যাপ ও ওয়েবসাইটে একইভাবে ৮০ জন মুসলিম নারীর প্রোফাইল আপলোড করে তাদের বিক্রির চেষ্টা চলেছে। উভয় অ্যাপের ক্ষেত্রেই বাস্তবিক কোনো লেনদেনের ঘটনা ঘটেনি; তবে মুসলীম নারীদের হেয় ও অপমান করার জন্যই তাদের ব্যক্তিগত তথ্য ও ছবি অ্যাপগুলোতে আপলোড করে বিজ্ঞাপন দেওয়া হচ্ছিল বলে জানিয়েছে বিবিসি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.