তিন দশক পর জেমস ওয়েব টেলিস্কোপে সামনে এলো নেপচুনের ঝকঝকে ছবি। জেমস ওয়েবের নতুন এই ছবিগুলো নিয়ে মহাকাশ বিজ্ঞানীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। এই ছবিগুলোর মতো এতটা সুস্পষ্ট, ঝকঝকে ছবি গত ৩০ বছরে আর পাওয়া যায়নি। পৃথিবী থেকে নেপচুনের দূরত্ব ৪৩০ কোটি কিলোমিটার। পুরু বরফের চাদরে মোড়া এ গ্রহটিতে নতুন করে আলোকপাত করেছে জেমস ওয়েব।
বিশেষজ্ঞদের মতে, তিন দশক আগে নেপচুনের বলয়ের যে ছবি দেখা গিয়েছিল, তা ছিল খুবই অস্পষ্ট। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ অনেক স্পষ্ট ছবি পাঠিয়েছে। নেপচুনের বলয় নিয়ে গবেষণাকে এই ছবি অনেক এগিয়ে দেবে। নেপচুন গ্রহের ছবি শেষ বার দেখা গিয়েছিল ১৯৮৯ সালে। তখন নাসার ভয়েজার ২ মহাকাশযানের তোলা ছবিতে দেখা গিয়েছিল নেপচুনের বলয়। তারপর থেকে আর এই বলয়ের দেখা পাননি গবেষকরা।
জেমস ওয়েবের ছবি ঘিরে তাই তাদের মধ্যে আগ্রহ তুঙ্গে। সূর্যের চেয়ে পৃথিবী যত দূরে, নেপচুনের দূরত্ব তার তিনগুণ। সৌরজগতের এক কোণে অন্ধকারময় অঞ্চলে নিজ কক্ষপথে ঘোরে এই গ্রহ। বিজ্ঞানীরা জানান, সূর্যের আলো সেখানে খুবই কম। নেপচুনের ভরদুপুর পৃথিবীর গোধূলির সমান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.