রাজধানী কিয়েভে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এই ঘটনায় গুরুতর আহত হননি তিনি।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। ওই প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভোরে জেলেনস্কির মুখপাত্র সেরহি নিকিফোরভ ফেসবুক পোস্টে এ খবরটি জানিয়েছেন। ঠিক কখন দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে কিছু বলেননি নিকিফোরভ।
তিনি আরও বলেন, ব্যক্তিগত একটি গাড়ির সঙ্গে জেলেনস্কিকে বহনকারী গাড়ির সংঘর্ষ হয়। ওই ব্যক্তিগত গাড়ির চালককে জেলেনস্কির সঙ্গে থাকা চিকিৎসক দল প্রাথমিক চিকিৎসা দিয়েছে।
পরে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে জেলেনস্কির শারীরিক অবস্থা সম্পর্কে তার মুখপাত্র বলেন, 'তিনি সামান্য আঘাত পেয়েছেন। একজন চিকিৎসক প্রেসিডেন্টের স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তিনি গুরুতর আহত হননি। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।'
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.