নেতৃত্ব হারানোর ক্ষোভ চেপে আগের দিন রাতে সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচও খেলেছেন তিনি। পরদিন দুপুর হতে হতে দল ছাড়ার সিদ্ধান্তের পাশাপাশি মেহেদী হাসান মিরাজের মনে রোপিত সন্দেহের বীজ থেকে ডালপালাও ছড়িয়েছে বেশ। দেওয়া সাক্ষাৎকারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের চিফ অপারেটিং অফিসার ইয়াসির আলমকে নিয়ে সন্দেহ প্রকাশেও অকপট এই অলরাউন্ডার। বিকেলে মত বদলে চট্টগ্রামেই থেকে যাওয়ার আগে গতকাল দুপুরে তাঁর অভিযোগ শুনেছেন মাসুদ পারভেজ
প্রশ্ন : কী থেকে কী ঘটে গেল?
মেহেদী হাসান মিরাজ : হ্যাঁ ভাই, ঘটে গেল।
প্রশ্ন : আপনি কি থাকছেন নাকি চলে যাচ্ছেন?
মিরাজ : আমি চলে যাচ্ছি ভাই। বিপিএলই আর খেলব না।
প্রশ্ন : সিলেট সানরাইজার্স ম্যাচের কতক্ষণ আগে আপনাকে জানানো হয় যে আপনি আর অধিনায়ক নন?
মিরাজ : তিন ঘণ্টার মতো হবে।
মাঠে যাওয়ার জন্য হোটেল থেকে বের হওয়ার আগে আগে।
প্রশ্ন : কথাটা কে জানান আপনাকে?
মিরাজ : ম্যানেজার (ফাহিম মুনতাসির) এসে আমাকে জানান যে ম্যানেজমেন্ট এ রকম একটি সিদ্ধান্ত নিয়েছে। আগে থেকে কিছুই জানতাম না। অধিনায়ক হিসেবেই খেলতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম।
প্রশ্ন : ম্যাচের দিন তো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সিওও ইয়াসির আলম বলেছেন, ইংল্যান্ডে ফিরে যাওয়া হেড কোচ পল নিক্সনের পরামর্শেই নাকি এই সিদ্ধান্ত হয়েছে। নিক্সনের সঙ্গে কথা হয়েছে আপনার?
মিরাজ : আমাকেও এমনই বলা হয়েছে যে কোচ নাকি টপ ম্যানেজমেন্ট ও মালিকপক্ষকে বলে গেছেন। ইয়াসির সাহেব ম্যানেজারকে দিয়ে আমাকে এভাবেই বলান। হেড কোচের সঙ্গে অবশ্য যাওয়ার পর কথা হয়নি। তবে চলে যাওয়ার আগের দিন রাতেও কথা হয়েছে। কই, উনি তো আমাকে এসব বিষয়ে কিছুই বললেন না। আপনারা ওনার সঙ্গেও একটু কথা বলুন প্লিজ। তাহলেই জানতে পারবেন।
প্রশ্ন : আপনাকে যখন দলের সিদ্ধান্ত জানানো হলো, আপনি কারণ জানতে চাননি?
মিরাজ : চেয়েছি, কিন্তু সদুত্তর পাইনি। আমি তাঁকে (ম্যানেজার) বললাম, আমি তো নেতৃত্ব চেয়ে নিইনি। এখন আবার কেড়ে নিচ্ছেন কেন? কারণ এটি তো আমার ক্যারিয়ারেও প্রভাব ফেলবে। দলও খারাপ করেনি। সিলেট ম্যাচের আগেও আমরা পয়েন্ট তালিকার ২ নম্বরেই ছিলাম। এখানে আমাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়াটাই একমাত্র বিষয় নয়। চট্টগ্রামের ম্যানেজমেন্ট আমার মতো জাতীয় দলের ক্রিকেটারের মানহানি করবে কেন? কেন বেইজ্জতি করবে?
প্রশ্ন : আপনার কাছে কি কোনো কিছু সন্দেহজনক বলে মনে হয়েছে?
মিরাজ : এর চেয়ে বড় সন্দেহজনক আর কী আছে, আপনিই বলুন। সবাই জানে আমি অধিনায়ক। খেলতেও যাচ্ছি, এর মধ্যে এসে এসব করা তো সন্দেহজনকই। এমন নয় যে আমি ইনজুরিতে ছিলাম। এমনও নয় যে আমি ভালো খেলছিলাম না। আমি পারফরমও করছিলাম। আপনারাও খোঁজ নেন। অনেক কিছুই জানতে পারবেন।
প্রশ্ন : আপনি বিশেষ কাউকে সন্দেহ করছেন?
মিরাজ : দেখুন, দলের মালিকরা অত কিছু বোঝেনও না। দল চালান ইয়াসির সাহেব। উনিই মূল কালপ্রিট। ম্যানেজারকে সঙ্গে নিয়ে তিনিই সব সিদ্ধান্ত নিজের মতো নেন।
প্রশ্ন : চলে যাওয়ার বিষয়টি কি দলকে জানিয়েছেন?
মিরাজ : যেটা আনুষ্ঠানিক প্রক্রিয়া, সেটি আমি সেরেছি। ম্যানেজারকে ই-মেইল করে দিয়েছি। ক্রিকেট বোর্ডের সিইও-কেও ই-মেইল করেছি।
প্রশ্ন : কারণ উল্লেখ করেছেন কী?
মিরাজ : বলেছি আমার আম্মা অসুস্থ, তাই চলে যাচ্ছি। আসলে এসব যে আমার সঙ্গেই প্রথম ঘটল, তা নয়। ইয়াসির সাহেব এর আগেও এ রকম করেছেন। গতবার (২০২০ সালের বিপিএল) রিয়াদ ভাইয়ের (মাহমুদ উল্লাহ) সঙ্গেও অনেক কিছু হয়েছে।
প্রশ্ন : মাহমুদ উল্লাহর সঙ্গে কী হয়েছিল?
মিরাজ : রিয়াদ ভাইয়ের সঙ্গেও ঠিক একই ঘটনা ঘটেছিল। ওরা ওনাকে সরিয়ে এক ম্যাচে একজন বিদেশিকে অধিনায়কত্ব দেয় তো আরেক ম্যাচে আরেকজনকে। এভাবে রিয়াদ ভাইকে খালি ঘুরিয়েছে। এক আসরে কি কোনো দল তিন-চারবার অধিনায়ক বদলায়? রায়াদ এমরিটকে একবার অধিনায়ক বানিয়েছিল। আরেকবার দিয়েছিল আরেকজনকে। এভাবে তিন-চারবার নেতৃত্ব বদল করেছিল ওরা।
প্রশ্ন : সন্দেহের বিষয়টি উঠল বলেই জিজ্ঞেস করছি। আপনাকে কি বিশেষ কোনো কিছু করতে বলা হয়েছে কখনো?
মিরাজ : না, না...আমাকে এ রকম কিছু কখনো করতে বলা হয়নি। বলার কথাও না। কারণ জানে, আমাকে কিছু করতে বলা হলে আমি সবাইকে তা বলে দেব। আমাকে অধিনায়ক রেখে অন্য অনেক কিছু করা কঠিন বলেই হয়তো...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.