বার্সার জালে দুইবার বলও পাঠিয়েছিল কাদিস। কিন্তু অফসাইডের ভুলে গোলের স্বাদ পায়নি দলটি। কাদিস ভুল করলেও বার্সেলোনা সেই ভুল করেনি। তিন মিনিটে দুটি গোল দিয়ে শীর্ষস্থান ঠিকই মজবুত করেছে কাতালান ক্লাবটি।
রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে ক্যাম্প ন্যুয়ে লা লিগার ম্যাসে বার্সেলোনা জিতেছে ২-০ গোলে। সার্জিও রবের্ত ও রবের্ত লেভানদোভস্কির গোলে ম্যাচটি নিজেদের করে নেয় তারা।
বার্সেলোনা লিগে এই নিয়ে টানা সাত ম্যাচ জিতলো। এর মধ্য দিয়ে ১৩ ম্যাচ (১২ জয়, ১ ড্র) অপরাজিত রইলো দলটি। বার্সেলোনা এখন রিয়াল মাদ্রিদের চাইতে ৮ পয়েন্ট এগিয়ে।
২২ ম্যাচে ১৯ জয় ও ২ ড্রয়ে তাদের সংগ্রহ ৫৯ পয়েন্ট। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে কার্লো আনচেলত্তির দলের অবস্থান দুই নম্বরে। ছয়টি পরিবর্তন নিয়ে মাঠে নেমে প্রতিপক্ষকে চেপে ধরে খেলতে থাকে বার্সা। কিন্তু কাদিসের শক্ত রক্ষণব্যুহ ভাঙতে পারেনি তারা।
বরং খেই হারিয়ে ফেলে। এই সুযোগে বার্সার জালে দুই দুইবার বল জড়ায় দলটি। কিন্তু অফসাইডের ভুলে সেগুলো গোলে পরিণত হয়নি। বিরতির তিন মিনিটের মাথায় তোরেসের ক্রসে গোললাইন থেকে ফিরতি বল জালে পাঠান রবের্ত।
এর দুই মিনিটের মাথায় রবের্তর পাসে ডান পায়ের শটে বল কাদিসের জালে জড়ান লেভানদোভস্কি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.