চলতি বছরের শুরুতে অধিনায়ক হিসেবে হ্যারি ম্যাগুয়েরের ওপরই আস্থা রাখে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ম্যাগুয়ের মাঠের পারফর্ম্যান্স দিয়ে সে আস্থার প্রতিদান দিতে পারছেন না। নিত্যনতুন ভুল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ঠাট্টা বিদ্রুপের শিকারও হচ্ছেন এই ফুটবলার।
এবার নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ম্যাগুয়ের। আত্মঘাতী গোল করে প্রতিপক্ষ টটেনহ্যাম ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর ঠাট্টার শিকার করেছেন তিনি। নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে তখন ইউনাইটেড এগিয়ে ছিল ২-১ গোলে। তখনই আক্রমণে উঠে আসে টটেনহ্যাম।
সন হিউং মিন নিচু একটা ক্রস করেছিলেন, উদ্দেশ্য ছিল মাঝে থাকা রোমেরো। যদিও আর্জেন্টাইন এই ডিফেন্ডার ছিলেন অফসাইডে, ফলে লক্ষ্যভেদ করলেও গোল পেতেন না তিনি। সেই ক্রসটাই বিপদমুক্ত করতে চেয়েছিলেন তিনি।
তা তো হলোই না, উল্টো নিজেদের জালেই বল জড়িয়ে বসেন ম্যাগুয়ের। ইউনাইটেড অধিনায়কের এই ‘গোলে’ ম্যাচে ফেরে ২-২ গোলের সমতা। আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো তখন ছিলেন ম্যাগুয়েরের পাশেই। তৎক্ষণাৎ প্রতিক্রিয়া হিসেবে তার দিকে ছুটে যান তিনি। তখন রীতিমতো তার মুখের ওপর চিৎকার করে, মুখ খিঁচিয়ে ঠাট্টা করে বসেন ইউনাইটেড অধিনায়ককে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.