
চরম উত্তাপ ছড়ানো ম্যাচে শেষ পর্যন্ত জয়টা নিজেদের নামে লিখে নিলো বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে রিয়ালকে টপকে গেলো জাভির শিষ্যরা। রোববার (৮ জানুয়ারি) দিবাগত রাতে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথমার্ধে একমাত্র গোলটি করেছেন উসমান দেম্বেলে।
শুধু তাই নয়, সুযোগ হাতছাড়া করেছে দুই দলই। শুরুতে স্কোর লাইন ২-০ করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছেন পেদ্রি। আর শেষটায় সমতায় শেষ করার দারুণ সুযোগ হাতছাড়া করেছেন অঁতোয়ান গ্রিজম্যান।
শেষের কয়েক মিনিট দুই দলই খেলে ১০ জন নিয়ে। নিজেদের মধ্যে মারামারি করে লাল কার্ড দেখেন ফেরান তোরেস ও স্তেফান সাভিচ। দ্বিতীয়ার্ধে খেলায় ফিরতে মরিয়া অ্যাটলেটিকো চেপে ধরে বার্সাকে।
তবে গোলের দেখা পায়নি। ৭৩ মিনিটে বার্সার হয়ে ফেরান তোরেস গোল করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। যোগ করা সময়ে সমতায় ফেরার সবচেয়ে ভালো সুযোগটি হারায় অ্যাটলেটিকো।
গ্রিজম্যানের চেষ্টা গোলরক্ষককে এড়ালেও গোললাইন থেকে শেষ মুহূর্তে বল ক্লিয়ার করে দেন রোনাল্ড আরোহো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.