
অল্প রানের লড়াইয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডমিনেটরসকে ১৫ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চট্টগ্রামের দেয়া ১১৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ১০৩ রান তুলতে সক্ষম হয় ঢাকা। ফলে, ১৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামের দেয়া ১১৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। দলীয় ২২ রানে ৮ বলে ২ রান করে আউট হন আবদুল্লাহ আল-মামুন। এরপর দলীয় ৩৫ ও ৩৯ রানের আরও দুই ব্যাটারকে হারায় ঢাকা।
অধিনায়ক নাসির হোসেন ও অ্যালেক্স ব্লেক মিলে দলের হাল ধরার চেষ্টা করলেও ব্যর্থ হন। এরপর দলীয় ৮৮ ও ৯২ রানে আরও দুই উইকেট হারায় ঢাকা। নাসির হোসেন ৩৩ বলে ২৪ ও ৫ বলে ১ রান করে আউট হন আমির হামজা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় ঢাকা ডমিনেটরস। চট্টগ্রামের পক্ষে কার্টিস ক্যাম্পার ৩টি ও মৃত্যুঞ্জয় ও জিয়াউর নেন ২টি করে উইকেট।
এর আগে শুরুতে ব্যাট করতে নেমে ২৮ রানে পাঁচ উইকেট হারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সেখান থেকে উসমান খানের ২৯ বলে ৩০ রানের ধরে খেলা ইনিংসে প্রাথমিক বিপর্যয় সামাল দেয় চট্টগ্রাম। উসমানের বিদায়ের পর একা হাতে হাল ধরেছেন জিয়াউর রহমান।
লোয়ার অর্ডারের এই মারকুটে অলরাউন্ডার ২০ বলে ৩ চার আর ২ ছক্কায় খেলেন অপরাজিত ৩৪ রানের ইনিংস। সবমিলিয়ে ৮ উইকেট হারিয়ে টেনেটুনে ১১৮ রান পর্যন্ত যায় চট্টগ্রাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.