দীপক চাহার
দীপক চাহার

আসন্ন আইপিএলের আগে বড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। পুরো টুর্নামেন্ট না হলেও দীর্ঘ সময় তারা দলে পাবে না তাদের প্রধান পেসার দীপক চাহারকে।
ক্রিকইনফোর প্রতিবেদন বলছে, গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে পায়ের ইনজুরিতে আক্রান্ত হন চাহার। ডান পায়ের কোয়াড্রিসেপ টিয়ারের কারণে ২৬ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত হতে যাওয়া আইপিএলের অধিকাংশ সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে।
সেরে উঠতে বেশ কয়েক সপ্তাহ লেগে যাবে চাহারের। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে চূড়ান্ত মূল্যায়নের অপেক্ষায় চেন্নাই। সেখানে পুনর্বাসন চলছে তার।
২৯ বছর বয়সী বোলিং অলরাউন্ডারকে এবারের নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দামে কিনে নেয় চেন্নাই। দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালসের সঙ্গে লড়াই শেষে ১৪ কোটি রুপিতে তাকে পায় বর্তমান চ্যাম্পিয়নরা। এই প্রথম ১০ কোটি রুপির বেশি খরচ করে গত মৌসুমে খেলা পেসারকে আবারো দলে টানে তারা।
চাহারের আইপিএল ক্যারিয়ার শুরু হয় ২০১৬ সালে রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে। আনক্যাপড ফাস্ট বোলারকে ভিত্তিমূল্য ১০ রুপিতে নেয় দলটি। ২০১৮ সালের মেগা নিলামে সুপার কিংস তাকে কেনে ৮০ লাখ রুপিতে। ৫৮ ম্যাচে ৫৮ উইকেট নিয়ে দলটির ভরসার প্রতীক হয়ে উঠেছিলেন। কিন্তু তাকে ধরে রাখতে পারেনি চেন্নাই।
কাড়ি কাড়ি অর্থ খরচ করে আবারো চাহারকে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। কিন্তু দুর্ভাগ্যজনক ইনজুরিতে তাকে দীর্ঘ সময় পাবে না চ্যাম্পিয়নরা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।