পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি বিশ্বাস করেন, ভবিষ্যতে জাতীয় দলের অধিনায়ক হওয়ার দৌড়ে দারুণভাবে এগিয়ে মোহাম্মদ রিজওয়ান ও শাদাব খান। তার মতে, সব ফরম্যাটের বর্তমান অধিনায়ক বাবর আজম সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলে তারাই হবেন অধিনায়ক।
আফ্রিদির মনে এই বিশ্বাস জুগিয়েছে পাকিস্তান সুপার লিগে রিজওয়ান ও শাদাবের নেতৃত্ব। মুলতান সুলতান্সের অধিনায়ক রিজওয়ান, আর ইসলামাবাদ ইউনাইটেডের অধিনায়কত্ব করছেন শাদাব। তাছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে বাবরের ডেপুটি শাদাব এবং টেস্ট দলের সহঅধিনায়কত্ব করছেন রিজওয়ান।
একটি অনুষ্ঠানে আফ্রিদি বলেন, ‘আমি যে ভালো বিষয়টি দেখতে পাচ্ছি, সেটা হলো যদি কোনো সময়ে বাবর আজম বলে সে লাল বল কিংবা সীমিত ওভারের যে কোনো একটিতে দলকে নেতৃত্ব দিতে চায় তাহলে শাদাব খান কিংবা মোহাম্মদ রিজওয়ান পরবর্তী অধিনায়ক হতে পারে।’
পিএসএলে দুজনের অধিনায়কত্বের প্রশংসা করলেন সাবেক অলরাউন্ডার, ‘শাদাব দুর্দান্ত। যদি আমি রিজওয়ানকে নিয়ে বলি, সেও একজন ব্যতিক্রমী নেতা, যে তার খেলোয়াড়দের সবসময় অনুপ্রাণিত করে। এটা একজন সেরা অধিনায়কের গুণ। মুলতান সুলতান্স ও কেপিকের হয়ে ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্সটা একবার দেখুন।’
৫ ম্যাচের সবগুলো জিতে পয়েন্ট টেবিলে সবার উপরে থেকে মুলতান প্রথম দল হিসেবে পিএসএলের প্লে অফ নিশ্চিত করেছে। পাঁচ ম্যাচে তিন জয়ে দ্বিতীয় স্থানে ইসলামাবাদ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.