বক্স অফিসে ঝড় তুলেছে ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা আল্লু অর্জুনের ‘পুষ্পা : দ্য রাইজ পার্ট ১’। সিনেমাটিতে পুষ্পার ভূমিকায় অভিনয় করেছেন আল্লু অর্জুন। ছবিটি মুক্তি পাওয়ার পর সাড়া বেশ ফেলেছে। সিনেমাপ্রেমীরা মজেছেন পুষ্পার অভিনয়ে। বাদ যাননি ক্রিকেটাররাও। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সাকিব আল হাসান, ডোয়াইন ব্রাভো, নাজমুল ইসলাম অপুরা রীতিমত পুষ্পার অভিনয় অ্যাকশনকে উদযাপনের ট্রেডমার্ক বানিয়ে ফেলেছেন।
ছবিতে পুষ্পা থুতনির নিচে বাম হাতের উল্টো পিঠ দিয়ে দাঁড়িতে হাত বোলান। যা অ্যাকশন সিনেমাপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এই অ্যাকশনটিকেই উদযাপনের মন্ত্র হিসেবে ব্যবহার করছেন সাকিবরা। শুরুটা করেন সিলেট সানরাইজার্সে খেলা নাজমুল ইসলাম অপু। এরপর একই কায়দায় উদযাপন করেন সাকিব-ব্রাভো।
গত মঙ্গলবার (২৫ জানুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ম্যাচটিতে দারুণভাবে পুষ্পা’কে ফুটিয়ে তোলেন ক্যারিবীয় অলরাউন্ডার ব্রাভো। উইকেট নিয়ে অর্জুনের মতোই এক কাঁধ ঝুঁকিয়ে হাঁটলেন বরিশালের হয়ে খেলা ব্র্যাভো। বরিশালের অধিনায়ক সাকিবও অনুকরণ করলেন পুষ্পাকে। তাঁদের এই উদযাপনের মুহূর্তগুলো সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.