
টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার আত্মবিশ্বাস নিয়ে এবার ওয়ানডেতে নামছে বাংলাদেশ দল। প্রতিপক্ষ আফগানিস্তান। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজ দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। র্যাংকিংয়ের সেরা আটে থাকতে পারলেই সরাসরি বিশ্বকাপে খেলা যাবে—সেই সমীকরণে আফগানরা কিছুটা নিরাপদে থাকলেও বাংলাদেশের জন্য এটি অনেকটা বাঁচা-মরার লড়াই।
বর্তমানে র্যাংকিংয়ে আফগানিস্তান ৭ নম্বরে, আর বাংলাদেশ ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে অবস্থান করছে। ৮০ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে ওয়েস্ট ইন্ডিজ। আবুধাবিতে আজ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের সিরিজে তাই লক্ষ্য একটাই—ক্যারিবীয়দের টপকে ৯ নম্বরে ওঠা।
সমীকরণ সহজ:
৩-০ ব্যবধানে সিরিজ জিতলে বাংলাদেশ পাবে ৫ রেটিং পয়েন্ট, যা তাদের ৮২-তে নিয়ে যাবে এবং ৮ নম্বরে তুলে দেবে। তবে ২-১ ব্যবধানে জিতলে বাড়বে মাত্র ২ পয়েন্ট, তাতে অবস্থান অপরিবর্তিত থাকবে ১০ নম্বরে। সময়সীমা শেষ হওয়ার আগে বাংলাদেশ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরেকটি সিরিজ খেলবে, ফলে আফগানদের বিপক্ষে এগিয়ে যেতে পারলে মিরাজরা কিছুটা চাপমুক্ত থাকবে।
পরিসংখ্যানে অবশ্য এগিয়ে বাংলাদেশ। দুই দলের মধ্যে এখন পর্যন্ত ১৯ ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে ১১টিতে, আফগানিস্তান ৮টিতে। সর্বশেষ সিরিজেও সংযুক্ত আরব আমিরাত থেকে ট্রফি নিয়েই ফিরেছিল বাংলাদেশ।
তবে এবার দীর্ঘ বিরতির পর ওয়ানডেতে ফিরছে দলটি—শেষ ম্যাচ খেলেছিল তিন মাস আগে। তবু টি-টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্সের পর আত্মবিশ্বাসে ভরপুর মেহেদী হাসান মিরাজের দল। সিরিজ শুরুর আগে জাকের আলী জানিয়েছেন, “আমরা আগের পারফরম্যান্স নয়, নিজের প্রস্তুতিতেই মনোযোগ দিচ্ছি। সবাই একসঙ্গে খেলতে মুখিয়ে আছে।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.