
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টানা তিন পরাজয়ের পর অবশেষে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে দাপট দেখিয়েছে বাংলাদেশ। লিটন দাস এবং সাকিব আল হাসানের ঝড়ো ফিফটির পর ২০ ওভার শেষে বাংলাদেশের রান দাঁড়িয়েছে ৬ উইকেটে ১৭৩।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম দুই ওভারে মাত্র ৭ রান তুলতে পারে তারা।
৯ বল খেলে রানের খাতা খোলেন ওপেনার শান্ত। এর মধ্যে উইকেট বিলিয়ে দেন সৌম্য সরকার। ৪ বলে ৪ রান তুলে সাজঘরে ফেরেন তিনি। এরপর টিম ম্যানেজমেন্টের প্রধান ভরসা নাজমুল হোসেন শান্ত ফিরে যান ১৫ বল খেলে ব্যক্তিগত ১২ রান করে। পরে সাকিব-লিটন জুটি ম্যাচের হাল ধরেন। তৃতীয় উইকেটে ৫৫ বলে ৮৮ রানের এক ঝোড়ো জুটি গড়েন তারা।
তবে ১৫তম ওভারে মোহাম্মদ নওয়াজকে সুইপ করতে গিয়ে ক্যাচ আউট হন দেশসেরা এই ব্যাটার। এদিন ৪২ বলে ৬ চার আর ২ ছক্কায় ক্যারিয়ারসেরা ৬৯ রানের ইনিংস খেলেন লিটন।
লিটনের পর টানা দুই ম্যাচে অর্ধ শতকের কীর্তি গড়েন সাকিব। আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিফটি করেছিলেন ৩৩ বলে, এবারও সমান বলে হাফসেঞ্চুরি পূরণ করলেন টাইগার দলপতি। সাকিবের বিদায়ের পর আফিফ ১১ রান এবং ইয়াসির রাব্বি ব্যক্তিগত ১ রানে সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত সোহান এবং সাইফুদ্দিন জুটিতে বাংলাদেশের রানের চাকা থামে ১৭৩ রানে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.