
ক্যানবেরায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ রানে জয় পেয়েছে ইংল্যান্ড। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো সফরকারীরা। বুধবার (১২ অক্টোবর) ক্যানবেরার মানুকা ওভালের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন মালান।
তার ৪৯ বলে খেলা ৮২ ও মঈন আলীর ২৭ বলে ৪৪ রানে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড।
কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে মিচেল মার্শ ও টিম ডেভিড ঝড় তুললেও ৬ উইকেটে ১৭০ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া। ফলে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাটলাররা।
অস্ট্রেলিয়ার বোলার মার্কাস স্টোইনিস ৪ ওভারে ৩৪ রান দিয়ে নেন ৩ উইকেট। অ্যাডাম জাম্পা ৩ ওভারে ২৬ রান খরচায় পেয়েছেন ২ উইকেট। অন্যদিকে, ইংল্যান্ডের হয়ে স্যাম কারেন ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে নেন ৩ উইকেট।
আর একটি করে উইকেট বেন স্টোকস, ডেভিড উইলি ও রিস টপলির। এই ম্যাচের মধ্যদিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয় ইংল্যান্ডের। এর আগে, ২০০৬-০৭, ২০১১ ও ২০১৩-১৪ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে একবারও সিরিজ জিততে পারেনি ইংলিশরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.