
নারী ক্রিকেটে গড়লেন এক অবিশ্বাস্য রেকর্ড! ভারতের সিনিয়র নারী টি-টোয়েন্টি ট্রফিতে ইতিহাস সৃষ্টি করেছেন মহারাষ্ট্রের ব্যাটার কিরণ নাভগির।
শুক্রবার (১৭ অক্টোবর) পাঞ্জাবের বিপক্ষে মাত্র ৩৪ বলে সেঞ্চুরি করে নারী টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম শতকের নতুন বিশ্ব রেকর্ড গড়েন এই ভারতীয় ব্যাটার।
এর আগে নারী ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল নিউজিল্যান্ডের সোফি ডিভাইন-এর দখলে। তিনি ২০২১ সালে ঘরোয়া ম্যাচে ৩৬ বলে শতক হাঁকিয়েছিলেন। তবে এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন নাভগির।
নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে পাঞ্জাব ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১১০ রান। জবাবে মহারাষ্ট্র মাত্র ৮ ওভারেই ৯ উইকেট হাতে রেখে জয় তুলে নেয়, আর সেই জয় এনে দেন নাভগির একার ব্যাটে।
মাত্র ৩৫ বলে অপরাজিত ১০৬ রান করেন তিনি, যেখানে ছিল ৭টি ছক্কা ও ১৪টি চার। তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ৩০২.৮৬— যা নারী ক্রিকেট ইতিহাসে এক ম্যাচে তিনশ’র বেশি স্ট্রাইক রেটে সেঞ্চুরির নতুন রেকর্ড।
৩১ বছর বয়সি এই ব্যাটার এখন ভারতের ঘরোয়া ক্রিকেটে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। তাঁর এই ইনিংস শুধু মহারাষ্ট্রের জয়ে নয়, নারী ক্রিকেটের ইতিহাসেও এক নতুন অধ্যায় যোগ করেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.