
১৩৮ রানের লক্ষ্য! এ আর এমন কী! নিউজিল্যান্ডের শুরুটা দেখে ঠাহর হচ্ছিল এমনই। শুরুটা খানিকটা ধীরে সুস্থেই করেছিল স্বাগতিকরা। চতুর্থ ওভারে এসে বাংলাদেশকে উইকেটের দেখা পাওয়ালেন মুস্তাফিজের বদলে একাদশে ঢোকা শরিফুল ইসলাম।
ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার ১৩৭ রানের পুঁজি নিয়ে বোলিংয়ে আসা বাংলাদেশ শুরুর ওভারেই আক্রমণে আনে তাসকিন আহমেদকে। তবে তার শুরুটা ভালো হয়নি মোটেও। তিনি হজম করেন ১০ রান।
মুস্তাফিজের জায়গায় একাদশে আসা শরিফুল আক্রমণে আসেন পরের ওভারে। এসেই চেপে ধরেন নিউজিল্যান্ড ব্যাটারদের। সে ওভারে আসে ৩ রান।
শুরুর ওভারে বেশ রান দিয়ে ফেলা তাসকিনকে সরিয়ে এবার আক্রমণে হাসান মাহমুদকে আনেন অধিনায়ক সাকিব আল হাসান। সে ওভারে ২ রান দিয়ে অধিনায়কের আস্থার প্রতিদান দেন তিনি।
নিজের প্রথম ওভারে তিন রান দেওয়া শরিফুল এরপর চতুর্থ ওভারে আক্রমণে আসেন। সে ওভারের চতুর্থ বলে একটা ছক্কাও হজম করে বসেছিলেন। তবে এক বলের বিরতিতেই তিনি ফেরেন দারুণভাবে। তার করা লেন্থ বলটা স্কয়ার লেগ দিয়ে সীমানাছাড়া করতে চেয়েছিলেন ফিন অ্যালেন।
তবে তা তিনি পারেননি, বলটা সোজা গিয়ে পড়ে ডিপ স্কয়ার লেগে দাঁড়ানো মোসাদ্দেক হোসেনের হাতে। ২৪ রান খরচায় বাংলাদেশ পায় প্রথম উইকেটের দেখা।
এ রিপোর্ট লেখার সময় নিউজিল্যান্ড ৮ ওভারে ১ উইকেট হারিয়ে করেছে ৫৪ রান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.