সাব্বির রহমান যেন সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন। বহুদিন পর জাতীয় দলে ফিরেও ফেরা হয়নি তার। ত্রিদেশীয় সিরিজে নাকানিচোবানি খেয়ে দেশে ফিরেছেন তিনি।
তার পরিবর্তে ইতোমধ্যেই দলে পরিপূরক খেলোয়াড় ডেকেছে বিসিবি। সাব্বির দেশে ফেরার পর এবার তার নামে নতুন অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে অভিযোগ, ঢাকা প্রিমিয়ার লিগের পর থেকে জাতীয় দলে ফিরতে লবিং করছিলেন ৩০ বছর বয়সী এই ব্যাটার।
বিসিবির একটি সূত্রে জানা যায়, নির্বাচকদের কাছে টানা ধরনা দিয়ে ব্যর্থ হয়ে একপর্যায়ে একজন পরিচালকের দ্বারস্থ হন সাব্বির। তার কাছে কান্নাকাটি করে অনুনয়-বিনয়ে পরিচালকের মন জয় করে নেন। জাতীয় দলের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এভাবেও সাব্বিরকে দলে ঢুকিয়ে চরম অন্যায় করেছেন ওই পরিচালক, সেইসঙ্গে প্রশ্নবিদ্ধ করেছেন দল নির্বাচনকে।
এর আগে, বাংলাদেশ ‘এ’ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে একটি হাফ সেঞ্চুরি করে এশিয়া কাপ খেলা নিশ্চিত করেন তিনি। মেকশিফট ওপেনার হিসেবে মেহেদী হাসান মিরাজের সঙ্গে সাব্বিরকে দিয়ে ইনিংস ওপেন করান পরামর্শক কোচ শ্রীধরন শ্রীরাম। টানা চার ম্যাচ খেলে রান করেন ৫, ০, ১২ ও ১৪। মিরাজের সঙ্গে একটিও জুটি গড়তে পারেননি তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি গণমাধ্যমেও এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অধিনায়ক সাকিব আল হাসান তো ব্যর্থ সাব্বিরের নাম কেটে দেন বিশ্বকাপ স্কোয়াড থেকে।
কান্নাকাটি শেষ পর্যন্ত লাভ হয়নি তার। জাতীয় দল-সংশ্নিষ্ট একজন কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে একটি গণমাধ্যমকে বলেন, ‘যেভাবেই হোক, জাতীয় দলে একটা সুযোগ দেয়া হয়েছিল সাব্বিরকে। এটা কাজে লাগাতে পারত সে। টানা চার ম্যাচ খেলে রান তো করেইনি, উল্টো মিস ফিল্ডিং করে হাসতে দেখেছি। উল্টো টিকটক বানিয়ে হাসিঠাট্টার পাত্র হয়েছে। সোজা পথে দলে আসেনি তো, তাই মূল্যটা বুঝতে পারেনি। এভাবে কাউকে দলে নেয়া ঠিক না। শুধু শুধুই বিশ্বকাপ দলে নেয়া হয়েছিল তাকে।’
সাব্বিরের দেশে ফেরার দিনে সৌম্য সরকার বিশ্বকাপের মঞ্চে। সৌম্য প্রমাণ করলেন, লবিং না করেও খেলা যায় বিশ্বকাপে। প্রথম পর্যায়ে সাব্বিরকে বিশ্বকাপ দলে সুযোগ করে দেয়া ওই পরিচালকও বুঝে গেছেন, সৌম্যর সঙ্গে অন্যায় করেছিলেন তারা।
এই কর্মকর্তাকেও একটা সময়ে বলতে শোনা গেছে, ‘সাব্বিরকে দিয়ে হবে না’ জাতীয় কথাবার্তা। সৌম্যর বিশ্বকাপ দলে ফেরা প্রসঙ্গে জানতে চাওয়া হলে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের যুক্তি হলো, ‘ওকে আমরা গত কিছুদিন প্রস্তুত করেছি। সে নিজেকে প্রমাণ করেই দলে ঢুকেছে।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।